‘অযোগ্য’ খেলোয়াড় খেলানো নিয়ে রিয়ালের ব্যাখ্যা
কাদিসের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে ভুলবশত ‘অযোগ্য’ খেলোয়াড়কে খেলিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের সফলতম ক্লাবটির কোচ রাফায়েল বেনিতেস জানিয়েছেন, পরে বিষয়টি বুঝতে পেরে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড় দেনিস চেরিশেভকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে।
স্পেনের ফুটবলের তৃতীয় সারির দল কাদিসের বিপক্ষে গত বুধবার রাতে কোপা দেল রের প্রথম পর্বে ৩-১ গোলে জেতে রিয়াল। তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন চেরিশেভ।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই রাশিয়ার এই উইঙ্গারকে মাঠ থেকে তুলে নেন বেনিতেস।
সংবাদ সম্মেলনে বেনিতেস বলেন, “আমরা প্রথমার্ধে এটা টের পাই এবং ঠিক কাজটি করতে চেয়েছিলাম বলে তাকে তুলে নেই। ক্লাব এর আগে কিছু জানত না। ফেডারেশন বা ভিয়ারিয়াল আমাদের কিছু বলেনি।”
