২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ওপেনে দুলালি, এলিনার জয়

বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে স্বাগতিক দেশের মেয়েরা ভালো শুরু করেছে। এককে দারুণ জয় নিয়ে প্রথম রাউন্ড পেরিয়েছেন দুই শাটলার দুলালি হালদার ও এলিনা সুলতানা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 09:32 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বুধবার জমজমাট লড়াইয়ের পর ভারতের ললিতা দাহিয়াকে ২৩-২১, ২৩-২১ ব্যবধানে হারান দুলালি।

এলিনা অবশ্য দাপুটে জয় পেয়েছেন নেপালের অমিতা গিরির বিপক্ষে। ২১-১৪, ২১-৪ পয়েন্টে জিতে পরের রাউন্ডে উঠেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপের এই শিরোপাজয়ী।

মেয়েদের এককে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের অপর দুই শাটলার বৃষ্টি খাতুন ও রেহানা পারভীন।

ছেলেদের এককে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা মোয়াজ্জেম হোসেন ও আব্দুল্লাহ আল-মাশরাফি পরের পর্বে যেতে পারেননি। সিঙ্গাপুরের রুইশেং জেথ্রো তানের কাছে ২১-১৬, ২১-১৯ ব্যবধানে হারেন মোয়াজ্জেম। মালয়েশিয়ার জুন উই শিয়েমের কাছে ২১-১১, ২১-৬ ব্যবধানে হারেন মাশরাফি।

ছেলেদের দ্বৈতে মাশরাফি-রানা বিশ্বাস ও আহসান হাবিব পরশ-জামিদ আহমেদ জুটি প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন।

মিশ্র দ্বৈতে শুভসূচনা পেয়েছে বাংলাদেশের শাটলাররা। চান্দ লাল-রেহানা পারভীন জুটি ২১-১৫, ১৮-২১, ২২-২০ ব্যবধানে নেপালের বিষ্ণু কাতওয়াল-নাংসাল তামাং জুটিকে হারান।

আহসান হাবিব পরশ-শাপলা আক্তার জুটি ২১-৯, ২১-১২ পয়েন্টে নেপালের সাজান কৃষ্ণা তাম্রাকার-সিচি শ্রেষ্ঠা জুটিকে হারিয়ে পরের পর্বে উঠেছেন।

আগামী ফেব্রুয়ারির দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রস্তুতি ক্যাম্পে থাকা খেলোয়াড়দের সঙ্গে জুনিয়র মিলিয়ে বাংলাদেশের ২৩ জন শাটলার এ আসরে খেলছে।