পিএসজির আরেকটি বড় জয়
আক্রমণভাগের জ্বলে ওঠায় আরেকটি বড় জয় পেয়েছে পিএসজি। ঘরোয়া লিগে থোয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মালমোকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল পিএসজি।
নিজেদের মাঠে শনিবার রাতে ২০তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানির গোলে এগিয়ে যায় পিএসজি।
৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। আর ৬৭তম মিনিটে ফরাসি ডিফেন্ডার লেইভিন কুরজাওয়ার গোলে জয়টাও নিশ্চিত হয়ে যায় পিএসজির।
৮৪তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন জাঁ-কেভিন অগাস্তিন। বদলি হিসেবে নামার চার মিনিটের মাথায় গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড।
যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোলটি করে অতিথিরা।
ফরাসি লিগে এখন পর্যন্ত অপরাজিত পিএসজির এটা ত্রয়োদশ জয়। ১৫ ম্যাচের অন্য দুটিতে ড্র করেছিল তারা। ৪১ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে তারা।
সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লিওঁর পয়েন্ট ২৫।
