‘ইপিএলেও সফল হবে নেইমার’
পরিবেশ-পরিস্থিতির কারণে নেইমার বার্সেলোনা ছেড়ে প্রিমিয়ার লিগে যোগ দিলেও তাতে কোনো সমস্যা দেখছেন না রোনালদিনিয়ো। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী তারকার বিশ্বাস, ইংল্যান্ডেও সফল হবেন তার উত্তরসূরি।
এই মৌসুমের শুরুতে নেইমারের বাবা জানিয়েছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাজিল তারকাকে দলে নিতে চেষ্টা করেছিলেন। গনমাধ্যমের খবর অনুযায়ী, ইংল্যান্ডের অন্য দুই দল চেলসি ও ম্যানচেস্টার সিটিও ২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে কিনতে চেয়েছিল।
এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে নেইমার ও তার বাবার বিরুদ্ধে কর ফাঁকির মামলা। পরিস্থিতি আরও খারাপ হলে নেইমার বার্সেলোনা ছাড়তে বাধ্য হতে পারেন বলে জানান তার বাবা।
অবশ্য শিগগিরই নেইমার বার্সেলোনা ছাড়বেন না বলে মনে করেন রোনালদিনিয়ো। তবে সেটা হলেও কোনো সমস্যাও দেখছেন না তিনি।
“ইংল্যান্ডের (প্রিমিয়ার লিগে) সফল হওয়াটা মোটেও সহজ নয়, তবে হ্যাঁ, অবশ্যই, সে সফল হবে। বর্তমান ফর্মের বিবেচনায় নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়”, যোগ করেন বার্সেলোনার সাবেক এই তারকা।
এ মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ১৪ ম্যাচ খেলে ১৩ গোল করা নেইমার গত প্রায় দুই মাসে লিওনেল মেসির শূন্যতা বুঝতেই দেননি। আক্রমণভাগে লুইস সুয়ারেসের সঙ্গে কার্যকর জুটি গড়ে কাতালুনিয়ার দলটিকে লা লিগার শীর্ষে তুলেছেন তিনি।
