চীনে প্রথম ম্যাচে হারল বাংলাদেশ
চীনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। এগিয়ে গিয়েও মিয়ানমারের একটি ক্লাবের কাছে হেরেছে মামুনুলরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের ক্লাবের কাছে ৩-২ গোলে হারে ফাবিও লোপেজের দল।
ইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ওপেন নামের এই আসরে নিজেদের প্রথম ম্যাচে নাবিব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৫তম মিনিটে করা এই গোলে ভালো অবদান ছিল রায়হান হাসানের।
প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে মিয়ানমারের দলটি, যেটির নাম জানায়নি বাফুফে।
দলের হারের কারণ হিসেবে টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু হঠাৎ পাওয়া ম্যাচ সূচির কথা জানিয়েছেন। বাফুফের দেওয়া ওই বিবৃতিতে বাবু বলেন, “চীনে পৌঁছানোর পর দলের খেলোয়াড়রা বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় হঠাৎ করেই তারা জানতে পারে (মিয়ানমারের দলটির বিপক্ষে) ম্যাচ আছে। ছেলেরা এজন্য প্রস্তুত ছিল না।”
আগামী রোববার গ্রুপের দ্বিতীয় ম্যাচে চীনের দল লিজিয়ানের মুখোমুখি হবে বাংলাদেশ।
