২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল ম্যাচ দিয়ে ফিরতে চান আগুয়েরো

লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে চান ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 09:15 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গত অক্টোবরের গোড়ার দিকে চোটে পড়েন আগুয়েরো। এর পর থেকে মাঠের বাইরে আছেন আর্জেন্টিনার এই তারকা। 
 
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সিটির সবশেষ সাতটি ম্যাচে খেলতে পারেননি আগুয়েরো। লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে হতাশাজনক এই স্পেলের ইতি টানার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
 
"আমি আশা করছি, এই ম্যাচে খেলতে পারব।"
 
নিউক্যাসলের বিপক্ষে সিটির ৬-১ গোলে জেতা ম্যাচটির পর আর ক্লাবের হয়ে মাঠে নামেননি আগুয়েরো। সেই ম্যাচে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড একাই ৫ গোল করেছিলেন। 
 
এই সপ্তাহে পূর্ণ অনুশীলনে ফিরে ক্লাবের ওয়েবসাইটে আগুয়েরো জানান, লিভারপুলের বিপক্ষে খেলার জন্য সম্ভাব্য সেরা চেষ্টাটাই করছেন। 
 
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে লিভারপুলের বিপক্ষে সিটির ম্যাচটি আগামী শনিবার।