জুনিয়র বিশ্বকাপ হকির স্বপ্ন শেষ বাংলাদেশের
জুনিয়র এশিয়া কাপের কোয়ার্টার-ফাইনালে জাপানের কাছে হেরেছে বাংলাদেশ। এ হারে অসীমদের জুনিয়র হকি বিশ্বকাপ খেলার স্বপ্ন এবারের মতো গুঁড়িয়ে গেছে।
মালয়েশিয়ার কুয়ানতানে বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালে জাপানের কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপের সেমি-ফাইনালে উঠলে মাহবুব হারুনের শিষ্যদের সামনে বিশ্বকাপে খেলার সুযোগ ছিল।
কোয়ার্টার-ফাইনালের হারের পর বাংলাদেশ এখন পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে লড়বে।
২১তম মিনিটে অধিনায়ক ওচাই হিরোশিমার গোলে এগিয়ে যায় জাপান। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে ফেলে দলটি।
অনূর্ধ্ব-২১ দলের এই আসরে পাকিস্তানের কাছে ৩-১ গোলে হেরে জুনিয়র এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। তবে ওমানকে ৫-৪ গোলে হারিয়ে গ্রুপের পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় অসীমরা।
গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে সারোয়ার-খোরশেদরা।
