মূল দলের সঙ্গে অনুশীলনে মেসি
লিওনেল মেসির অনুশীলনে ফেরা আর বার্সেলোনার তা গোপন করা নিয়ে স্পেনের ফুটবল অঙ্গনে বেশ কিছু দিন ধরে আলোচনা চলছিল। অবশেষে স্পেনের ক্লাবটি আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের মূল দলের সঙ্গে অনুশীলনে ফেরার খবর দিয়েছে।
বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়, মেসি গত সোমবার মূল দলের সঙ্গে অনুশীলন করেন।
স্পেনের লা লিগায় গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পান মেসি। এর পর থেকে মাঠের বাইরে আছেন বার্সেলোনার ফরোয়ার্ড।
টানা চারবারের ফিফা বর্ষসেরা তারকা মেসির অনুশীলনে ফেরার খবর অবশ্য এর আগেই দিয়েছিল স্পেনের কিছু গণমাধ্যম। একটি অনুশীলন ম্যাচ খেলে তিনি গোলও করেন বলে জানিয়েছিল সংবাদমাধ্যগুলো।
এর পর বার্সেলোনা ‘বি’ দলের কোচ জেরার্দ লোপেস জানান, ক্লাবের রিজার্ভ দলের হয়ে অনুশীলন করেন মেসি।
