সমর্থকদের পাশে চায় ব্রাজিল
পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে ব্রাজিলের সমর্থকদের কাছে একটি আর্জি জানিয়েছেন দুঙ্গা। ধৈর্য ধরার সঙ্গে দলকে সমর্থন করার আহবান করেছেন ব্রাজিল কোচ।
ঘরের মাঠ ফন্তে নোভায় পেরুর সঙ্গে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায়।
সালভাদরের এই মাঠে কখনও কোনো ম্যাচ হারেনি ব্রাজিল। এই ধারা ধরে রাখার লক্ষ্য নিয়েই পেরুর বিপক্ষে মাঠে নামবে দুঙ্গার দল।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুঙ্গা বলেন, “সমর্থকরা জানে, দলকে সমর্থন দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। কখনও কখনও গোল শুধু দ্বিতীয়ার্ধে আসে।… চাপ সৃষ্টি না করে আমাদের ধৈর্য ধরতে হবে। সমর্থকদের সুবিবেচক হতে হবে।”
চিলির কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায়। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে দুঙ্গার দল। তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১০ দলের মধ্যে চতুর্থ স্থানে আছে ব্রাজিল।
এই অঞ্চল থেকে ২০১৮ বিশ্বকাপে সরাসরি চারটি দল খেলবে। পঞ্চম স্থানে থাকা দলটির প্লে-অফ খেলে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।
পেরুর বিপক্ষে মাঠে নামার আগে দুঙ্গার সঙ্গে কণ্ঠ মেলান ডিফেন্ডার দানি আলভেস।
“আমি প্রাণশক্তিতে বিশ্বাস করি এবং ব্রাজিলে প্রাণশক্তি সব সময়ই বেশি।… কিন্তু আমাদের দেশের মানুষ অনেক সমালোচনা করে এবং খুব একটা ধৈর্যশীল নয়।”
