২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পালন করা মারুফ আরও জানান, ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ম্যাচের মতোই নিরাপত্তা থাকবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 08:49 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

আগামী মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হবে দুই দল। আগের দিন নিরাপত্তা প্রস্তুতি নিয়ে কথা বলেন মারুফ।

২০১১ সালের ছয় সেপ্টেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়া আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের নিরাপত্তা পরিকল্পনার কথা টেনে এএফসি ও বাফুফের এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, “যদি নিরাপত্তা প্রস্তুতির তুলনা করেন, তাহলে এ ম্যাচেও আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের মতোই নিরাপত্তা দেওয়া হবে।”

হোটেল থেকে মাঠ, মাঠ থেকে হোটেলে অস্ট্রেলিয়া দলের আসা-যাওয়ার সময় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে উল্লেখ করে তিনি বলেন, “ফিফার নিয়ম অনুযায়ী আমরা সব ব্যবস্থা নিয়েছি। একটু আগে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া, ফিফার যে কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা হলো, তারাও আমাদের প্রস্তুতি দেখে খুশি।”

স্টেডিয়ামের ভেতরে-বাইরের পর্যাপ্ত পুলিশ, সোয়াট স্কোয়াড ছাড়াও সাদা পোশাকের পুলিশ থাকবে বলে জানান মারুফ। ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খোলা হবে; দর্শকেরা মোবাইল ফোন ছাড়া আর কোনো কিছু নিয়ে মাঠে ঢুকতে পারবেন না বলেও জানান এই নিরাপত্তা কর্মকর্তা।

সোমবার স্টেডিয়ামে গিয়ে দেখা গেলো দোকানপাট সব বন্ধ। দরজার সামনে পুলিশের কড়া পাহারা। মারুফ জানান, ম্যাচের দিনও পরিকল্পনা অনুযায়ী কিছু রাস্তা বন্ধ রাখা হবে। স্টেডিয়াম চত্বরে গাড়ি ঢুকতে দেওয়া হবে না। ম্যাচটি নির্বিঘ্নে শেষ করার জন্য দর্শক, সমর্থকদের সহযোগিতাও চান তিনি।

১৪ নভেম্বর অস্ট্রেলিয়া দলের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে সোমবার আসার কথা জানায় দলটির কর্মকর্তারা।