কোচের ডাকে জাহিদের ‘না’
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আলো ছড়ালেও জাতীয় দলের কোচ ফাবিও লোপেজের কাছে অপাংক্তেয় ছিলেন জাহিদ হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কোচ এবার জাহিদকে ডাকলেও এই ফরোয়ার্ড ‘না’ বলে দিয়েছেন।
আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
গত মাসে হওয়া ক্লাব কাপের ওই আসরে একমাত্র হ্যাটট্রিক করেন জাহিদ; পাকিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন করাচি ইলেক্ট্রিকের বিপক্ষে। তার আগের ম্যাচে ঢাকা আবাহনীকেও চট্টগ্রামের দলটি হারিয়েছিল জাহিদের একমাত্র গোলেই।
চট্টগ্রাম আবাহনীর হয়ে জাহিদের আলো ছড়ানো দেখেও কোচ সে সময় জানিয়েছিলেন, তার বিবেচনায় নেই এই ফরোয়ার্ড। তাজিকিস্তানের বিপক্ষে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দলে তাই জাহিদ হোসেন এমিলির সঙ্গে জাহিদ হোসেনেরও ঠাঁই মেলেনি।
তাজিকিস্তান থেকে ৫-০ গোলে হেরে ফেরার পর আগের অবস্থান বদলে জাহিদকে ডাকেন কোচ। সোমবার দুজনের কথাও হয়েছে কিন্তু সম্পর্কের বরফটা গলেনি। চোটের কথা বলে আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়া ম্যাচে না ফেরার কথা জানিয়ে দিয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
‘না’ বলে কারণ হিসেবে ক্ষোভ-হতাশার বিষয়টি অবশ্য পাশ কাটিয়ে গেছেন জাহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোচ ডেকেছিলেন। বললেন, চলো খেলি (অস্ট্রেলিয়ার বিপক্ষে)। কিন্তু আমার চোট আছে। তাই না বলে দিয়েছি।”
“শেখ কামাল কাপে পিঠের মাংশপেশিতে চোট পেয়েছিলাম। ডাক্তার বলেছে, সেরে উঠতে আরও ১০/১৫ দিন লাগবে”, যোগ করেন এই ফরোয়ার্ড।
চারটি বিশ্বকাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়া এই প্রথম বাংলাদেশে খেলতে আসছে। এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ হাতছাড়া হলেও হতাশ নন জাহিদ। চোট কাটিয়ে ফেরার ওপরই গুরুত্ব দিচ্ছেন তিনি।
“আমার কোনো ক্ষোভ নাই। রাগও নাই। দেশের জন্য কে না খেলতে চাই; আমিও চাই। কিন্তু চোটের কারণে খেলছি না। আগে সেরে উঠি; তারপর ফিরব।”
