২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের মাঠের ‘সুবিধা’ নিতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে খেলার সুবিধাটা নিতে চান জামাল ভূইয়া। তবে বাস্তবতা মেনে জাতীয় দলের এই মিডফিল্ডার স্বীকার করে নেন, তাদের চেয়ে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 06:57 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০ গোলে হেরেছিল মামুনুলরা। এবার নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে খেলবে বাংলাদেশ। সোমবারের সংবাদ সম্মেলনে তাই নিজেদের মাঠে খেলার সুযোগটা নিতে চাওয়ার কথা জানান জামাল।
 
“অস্ট্রেলিয়া আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে। তবে আমরা এবার নিজেদের মাঠে খেলব এবং আমরা এই সুবিধাটা নিতে চাই।”
 
“যখন খেলতে নামি, তখন আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি; আমার সতীর্থরাও একই চেষ্টা করে। যদি আমরা নব্বই শতাংশ দিয়েও চেষ্টা করি, তাহলে তারা আমাদের উড়িয়ে দিবে। তাই আমাদেরকে শতভাগেরও বেশি দিয়ে চেষ্টা করতে হবে”, যোগ করেন এই মিডফিল্ডার।
 
ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮০তম) চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া (৬০তম)। বাছাইপর্বে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। বাছাইপর্বে আগের খেলা পাঁচ ম্যাচে চার জয় ও একটি হার অস্ট্রেলিয়ার।
 
বাছাইয়ে পাঁচ ম্যাচের মধ্যে নিজেদের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ড্র-ই বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র সাফল্য।
 
সর্বশেষ ম্যাচটিও বাংলাদেশের জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে এসেছিল বলে জানান জামাল। প্রথম জয়ের আশা নিয়ে তাজিকিস্তানের মাঠে খেলতে নেমে ৫-০ গুঁড়িয়ে যাওয়া ম্যাচের কথা টেনে এই মিডফিল্ডার বলেন, “অস্ট্রেলিয়ার মাঠে ৫-০ গোলের হার ছিল ভয়ঙ্কর। তাজিকিস্তানের হারটি আরও ভয়ঙ্কর।”
 
কোচ ফাবিও লোপেজ অবশ্য জয় চাওয়ার কথাটা সংবাদ সম্মেলনে জানিয়েছেন। কোচের চেয়ে ঢের বাস্তববাদী জামাল বললেন, “আমরা জিতব, এটা বলছি না। আমি ড্রয়ের আশা করতে পারি।”
 
আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে বিকাল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে দুই দল।