খেলার ধরন পাল্টাবে না আর্জেন্টিনা
ব্রাজিলের বিপক্ষে শুরু থেকে আধিপত্য বিস্তার করলেও শেষ পর্যন্ত পয়েন্ট হারায় আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ড্র ম্যাচেও ছিল একই চিত্র। বিশ্বকাপের বাছাইপর্বে তিন ম্যাচে জয়শূন্য দলটির টিকে থাকতে হলে তাই জয় ছাড়া উপায় নেই। তবে সে লক্ষ্যে খেলার ধরনে পরিবর্তন আনতে নারাজ কোচ জেরার্দো মার্তিনো।
চোটের কারণে দলে নেই সেরা তারকা লিওনেল মেসি। একই কারণে সের্হিও আগুয়েরো ও কার্লোস তেভেসও অনুপস্থিত। গুরুত্বপূর্ণ এই তিন খেলোয়াড় না থাকলেও গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। প্রথমে এগিয়েও গিয়েছিল তারা, কিন্তু শেষমেশ ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
ওই ম্যাচ শেষেই কোচ মার্তিনো জানান, অধরা জয়টি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেই পেতে চান। তবে খেলার ধরন আগের মতোই রাখতে চান তিনি।
“কলম্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি ব্রাজিল ম্যাচের মতো হবে না। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাই। কিন্তু আমার বিশ্বাস, এমন একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা অনেক বেশি আক্রমণ করবে।”
