২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার বিপক্ষে নেই মার্তিনেস

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে নামার আগে একটা ধাক্কা খেল কলম্বিয়া। চোটের কারণে স্ট্রাইকার জাকসন মার্তিনেসকে পাচ্ছে না দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 05:23 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

গত বৃহস্পতিবার চিলির বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে মার্তিনেসের গোঁড়ালি মচকে যায়। গোঁড়ালিতে করা দুটি স্ক্যান রিপোর্ট দেখার পর ২৯ বছর বয়সী আতলেতিকো মাদ্রিদের এই খেলোয়াড়ের না খেলানোর কথা নিশ্চিত করে কলম্বিয়া।
 
আগামী মঙ্গলবার নিজেদের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে কলম্বিয়া। 
 
গুরুত্বপূর্ণ এই ম্যাচে কলম্বিয়া কোচ হোসে পেকারমান পাচ্ছেন না কার্লোস সানচেস ও সান্তিয়াগো আরিয়াসকেও। কার্ডের খাড়ায় দলের বাইরে থাকতে হচ্ছে এই দুই ডিফেন্ডারকে।
 
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কলম্বিয়া। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।