২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ থেকে নেমে ৩০তম সিদ্দিকুর

একের পর এক বোগি, ডাবল বোগি করায় সিদ্দিকুর রহমানের ওয়ার্ল্ড ক্ল্যাসিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেছে। তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে থাকা এই গলফার শেষ পর্যন্ত ৩০তম হয়ে সিঙ্গাপুরের এই আসর শেষ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 03:18 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

ল্যাগুনা ন্যাশনাল গলফ ও কান্ট্রি ক্লাবে রোববার চতুর্থ রাউন্ডের খেলায় একটি বার্ডি এবং চারটি করে বোগি ও ডাবল বোগি করেন সিদ্দিকুর। চতুর্থ রাউন্ডেই পারের চেয়ে ১১ শট বেশি খেলেন বাংলাদেশের সেরা এই  গলফার।

সব মিলিয়ে পারের চেয়ে নয় শট বেশি খেলে সাতজনের সঙ্গে যৌথভাবে ৩০তম হন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।

শুরুর দুই রাউন্ডে পারের সমান শট খেলার পর তৃতীয় রাউন্ডে ভালো করে শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট কম খেলে মালয়েশিয়ার নিকোলাস ফুংয়ের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন তিনি।

কদিন আগে ভারতে শেষ হওয়া প্যানাসনিক ওপেনের শেষ রাউন্ডের শেষ দিকে ভালো করতে না পারায় শিরোপা জিততে পারেননি সিদ্দিকুরের। নয়াদিল্লির ওই আসরে দ্বিতীয় হন ৩০ বছর বয়সী এই গলফার।

আগের টুর্নামেন্টের কথা ভেবেই হয়ত ওয়ার্ল্ড ক্ল্যাসিক চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে ধৈর্য ধরে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন সিদ্দিকুর। কিন্তু দ্বিতীয় হোলে ডাবল বোগি করার পর একের পর এক বোগি আর ডাবল বোগি করতে থাকায় তৃতীয়বারের মতো এশিয়ান ট্যুরের শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে যায় তার।

সাড়ে ৭ লাখ ডলার প্রাইজমানির এই আসরে সব মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে সেরা হয়েছেন থাইল্যান্ডের ড্যানথাই বুনমা।