২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেঁচে ফিরলেন গ্রিজমানের বোন

ফ্রান্সের ফুটবল দলের ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজমান জানিয়েছেন, প্যারিসের বাতাক্লঁ থিয়েটারে সন্ত্রাসী হামলায় বেঁচে গেছেন তার বোন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 06:55 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছে, সবশেষ হিসাব অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্যারিসে প্রায় একই সঙ্গে কয়েকটি স্থানে করা এই হামলায় ১২৮ জন নিহত হয়েছেন।  
 
যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড ঈগলস অব ডেথ মেটাল সঙ্গীত পরিবেশন করার সময় বাতাক্লঁ থিয়েটারে বন্দুকধারীরা ঢুকে পড়ে। তাদের গুলিতে ও বোমা বিস্ফোরণে সেখানে কমপক্ষে ৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 
কনসার্টে উপস্থিত অন্যদের সঙ্গে সেখানে ছিলেন আতলেতিকো মাদ্রিদের তারকা গ্রিজমানের বোন। ফরাসি এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে জানান, তার বোন নিরাপদ আছেন। 
“ঈশ্বর আমার বোন আর ফ্রান্সের মানুষদের সহায় হোক। আমার বোন বাতাক্লঁ থেকে বের হতে পারায় ঈশ্বরকে ধন্যবাদ। হামলার শিকার হওয়া মানুষ এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”
 
প্যারিসের স্তাদে দে ফ্রান্সে জার্মানির বিপক্ষে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচে খেলেন গ্রিজমান। 
 
ম্যাচটি চলার সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, মাঠের বাইরে হামলায় কমপক্ষে চার জন নিহত হয়েছে।