২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্যকে দুষছেন আর্জেন্টিনা অধিনায়ক

বড় দুই তারকা লিওনেল মেসি, সের্হিও আগুয়েরোকে ছাড়াও নিজেদের মাঠে ভালো ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। শুরু থেকে আক্রমণাত্মক খেলে ব্রাজিলের বিপক্ষে এগিয়েও গিয়েছিল জেরার্দো মার্তিনোর দল। এর পরও জয় না পাওয়াটাকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন দেশটির অধিনায়ক হাভিয়ের মাসচেরানো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 02:19 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্বাগতিক আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলে মার্তিনোর দল। মাসচেরানোর নেতৃত্বে তাদের জমাট রক্ষণ নেইমার সমৃদ্ধ ব্রাজিলের আক্রমণভাগকেও দারুণভাবে আটকে রাখে।

এসেকিয়েল লাভেস্সির গোলে ৩৪তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৫৮তম মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান লুকাস লিমা।

হাঁটুর চোটের কারণে মেসি না থাকায় এই ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া মাসচেরানো ম্যাচ শেষে তার হতাশার কথা জানান।

“আমরা অজুহাত দিতে পছন্দ করি না। আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছি এবং দুর্ভাগ্যবশত বিচ্ছিন্ন একটি মুভ থেকে তারা সমতায় ফেরে।”

এই ড্রয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় দশ দলের মধ্যে অষ্টম স্থানে রয়েছে আর্জেন্টিনা। ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চতুর্থ স্থানে। 

৩ ম্যাচ থেকে পুরো ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে একুয়েডর। ৭ পয়েন্ট নিয়ে চিলি আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ৬।