২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরের ম্যাচে ভালো খেলবে নেইমার’

বার্সেলোনার দুর্দান্ত ফর্ম ব্রাজিলের হয়ে মাঠে নেমে দেখাতে পারেননি নেইমার। আর্জেন্টিনার বিপক্ষে অনেকটা নিষ্প্রভ হয়ে ছিলেন ব্রাজিল অধিনায়ক। তবে কোচ দুঙ্গা নিশ্চিত, পরের ম্যাচে তারকা এই ফরোয়ার্ড আরও ভালো খেলবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 01:31 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

পুরনো খবর:

দারুণ লড়াইয়ে সমতায় আর্জেন্টিনা-ব্রাজিল

আর্জেন্টিনার বুয়েনস আইরেস থেকে বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে ব্রাজিল। পিছিয়ে পড়া ব্রাজিলকে সমতাসূচক গোলটি এনে দেন লুকাস লিমা।

বার্সেলোনার হয়ে এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলা ১৪ ম্যাচে ১৩ গোল করা নেইমার আর্জেন্টিনার বিপক্ষে আলো ছড়াতে পারেননি। দলের প্রয়োজনে একটু নিচে নেমে খেলেন এই ফরোয়ার্ড।

চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরা নেইমারের অনুজ্জ্বল থাকা নিয়ে ম্যাচ শেষে কথা ওঠে। তবে দুঙ্গা তার দলের সেরা তারকার পক্ষে কথা বলেন।

“আমি নিশ্চিত, পরের ম্যাচে সে আরও ভালো করবে।”

এই ম্যাচে নেইমারের আলো ছড়াতে না পারার একটা ব্যাখ্যাও দেন দুঙ্গা।

“আমরা প্রত্যেক দুই মাসে একবার খেলি এবং অনুশীলনের জন্য আমাদের এক দিন থাকে।। তাই সতীর্থদের সঙ্গে বোঝাপড়া গড়ে তোলাটা তার পক্ষে কঠিন।”

আর্জেন্টিনার বিপক্ষে নেইমারের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে দুঙ্গা জানান, নেইমার দলের জন্য খেলেছে। আর আর্জেন্টিনার ডিফেন্ডারদের কড়া পাহারায় থাকার কারণে হয়ত বার্সেলোনায় যে মুভগুলো সে করে, সেগুলো এখানে করতে পারেনি।