জাতীয় দাবায় শীর্ষে রাকিব
দশম রাউন্ডে জিতে জাতীয় দাবায় এককভাবে শীর্ষে উঠেছেন গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব।
জাতীয় ক্রীড়া পরিষদে শুক্রবার দশম রাউন্ডের খেলায় সাইফুল ইসলাম চৌধুরীকে হারিয়ে আট পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ওঠেন রাকিব।
আগের রাউন্ডে যুগ্মভাবে শীর্ষে থাকা মিনহাজ উদ্দিন নেমে গেছেন দ্বিতীয় স্থানে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গে ড্র করেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ।
এ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের বিপক্ষে জেতেন।
গত আসরের রানারআপ নিয়াজ ও মিনহাজ সাড়ে সাত করে পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। আর বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার রাজীব সাত পয়েন্ট নিয়ে তৃতীয়।
ফের পয়েন্ট হারিয়েছেন জিয়াউর রহমান। অষ্টম রাউন্ডে ফিদে মাস্টার ফাহাদ রহমানের কাছে হারা এই গ্র্যান্ডমাস্টার দশম রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে ড্র করেন।
ফিদে মাস্টার ফাহাদ রহমান জয় দিয়ে দশম রাউন্ড শেষ করেছেন; নিজ দলের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জিকে হারান তিনি।
জাতীয় দাবার ৪১তম আসরে চার জন গ্র্যান্ডমাস্টার দুই জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
