হারের দায় তাজিকিস্তানের ঠাণ্ডা ও বৃষ্টিকে দিলেন কোচ
বিশ্বকাপ বাছাইয়ে তাজিকিস্তানের বিপক্ষে বড় হারের জন্য দেশটির ঠাণ্ডা আবহাওয়া আর বৃষ্টিকেই দুষেছেন ফাবিও লোপেজ। ভুল পাসের জন্য শিষ্যদের সমালোচনা করতেও ভোলেননি বাংলাদেশ দলের এই ইতালিয়ান কোচ।
দুশানবেতে বৃহস্পতিবার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের কাছে একপেশে ম্যাচে ৫-০ গোলে হারে বাংলাদেশ।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তাজিকিস্তানের ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর বৃষ্টিকেই দলের হারের দায় দেন কোচ।
“আমরা মূলত ম্যাচটা হেরেছি প্রচণ্ড ঠাণ্ডা আর সারা দিন বৃষ্টির জন্য।”
বাছাইপর্বে প্রথম লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাজিকিস্তানের সঙ্গে ড্র করেছিল মামুনুলরা। এবার তাই বাছাইপর্বে নিজেদের প্রথম জয় পাওয়ার আশা ছিল বাংলাদেশের।
দুশানবের টার্ফে খেলতে নামার আগের প্রস্তুতি নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কৃত্রিম ঘাসের মাঠে মামুনুলদের অনুশীলন করান লোপেজ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ম্যাচের ছয় দিন আগে তাজিকিস্তানের পথে রওনা দেন তিনি।
কিন্তু চাওয়া পূরণ না হওয়ার দায়ের কিছুটা টার্ফের ওপর, কিছুটা মামুনুলদের কাধেও দিলেন লোপেজ, “কৃত্রিম ঘাসের মাঠে খেলতেও আমরা অভ্যস্ত নই; কেননা, আমরা টার্ফে খুব বেশি অনুশীলন করিনি এবং আমার খেলোয়াড়রা অনেক ভুল পাস দিয়েছে।”
তাজিকিস্তানের বাছাইপর্বের প্রথম জয়ের ম্যাচে চার গোল করেন ফরোয়ার্ড জালিলভ; অপর গোলটি নাজারভের। প্রতিপক্ষ দলের খেলার প্রশংসাও করেন বাংলাদেশ কোচ।
“তাজিকিস্তান দলকে অভিনন্দন। নিজেদের মাঠে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।”
বাছাইপর্বের পরের ম্যাচে ১৭ নভেম্বর নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
