২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দাবায় শীর্ষে রাকিব-মিনহাজ

চার গ্র্যান্ডমাস্টারের মধ্যে কেবল আব্দুল্লাহ আল রাকিব জাতীয় দাবায় ছন্দ ধরে রেখেছেন। আলো ছড়াচ্ছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনও। এই দুই দাবাড়ু নয় রাউন্ড শেষে সাত পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 12:16 AM

Updated : 22 Aug 2022, 01:54 PM

জাতীয় ক্রীড়া পরিষদে বৃহস্পতিবার নবম রাউন্ডের খেলায় রাকিব ফিদে মাস্টার আমিনুল ইসলামকে ও মিনহাজ ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে হারান।

আগের রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে হারিয়ে চমক উপহার দেওয়া ফিদে মাস্টার ফাহাদ রহমান নবম রাউন্ডে হেরেছেন আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের কাছে।

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছেন।

গত আসরের রানারআপ নিয়াজ ও রাজীব সাড়ে ছয় করে পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

ফিদে মাস্টার জাভেদের বিপক্ষে জিতে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ফিদে মাস্টার তৈয়বুর রহমান।

ফাহাদের কাছে হারা জিয়া জয়ে ফিরেছেন। ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে হারিয়েছেন গত আসরের চ্যাম্পিয়ন এই গ্র্যান্ডমাস্টার।

জাতীয় দাবার ৪১তম আসরে চার জন গ্র্যান্ডমাস্টার দুই জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।