রোনালদোকে ইব্রার বার্তা
ক্রিস্তিয়োনো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে আসার গুঞ্জনের মধ্যে মুখ খুললেন জ্লাতান ইব্রাহিমোভিচ। পর্তুগাল ফরোয়ার্ডকে সুইডেনের এই তারকা মনে করিয়ে দিলেন-তিনিই পিএসজির ‘বস’।
চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে পিএসজি কোচ লরাঁ বলাঁকে নাকি রোনালদো বলেছিলেন, ফ্রান্সের দলটির সঙ্গে খেলার সুযোগ পেলে খুশি হবেন।
গণমাধ্যমে আসা ওই খবরের প্রসঙ্গে নিজের অবস্থান জানান ইব্রাহিমোভিচ। সরাসরি নিজের নামটা উল্লেখ না করলেও বার্সেলোনার এই সাবেক ফরোয়ার্ড বলেন, “কি বলা হলো, লেখা হলো, সেটা কোনো ব্যাপার না; পিএসজিতে একজনই নেতা।”
“যখন আমি এখানে যোগ দেই, তখন থেকে আমি এই প্রকল্পের অংশ হিসেবে নিজেকে মানে করি”, যোগ করেন ৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচ।
শুরুর দিনগুলোর চেয়ে এখন পিএসজির সব কিছু অনেক সহজ হয়েছে জানিয়ে ইব্রাহিমোভিচ আরও বলেন, “আমরা সবাই মিলে দারুণ একটা দলও দাঁড় করিয়েছি।”
