২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইতিহাস গড়বে নেইমার’

নেইমারকে নিয়ে রোনালদিনিয়োর মুগ্ধতা বেড়েই চলেছে। স্বদেশি এই ফরোয়ার্ড এক দিন ইতিহাস গড়বেন বলে মনে করেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই তারকা ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 09:19 PM

Updated : 26 Jul 2022, 12:07 PM

বার্সেলোনার ওয়েবসাইটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে কথা বলেন কাতালান ক্লাবটির সাবেক এই তারকা ফুটবলার।

গত অগাস্টেই নেইমারের মধ্যে নিজের ছায়া দেখতে পাওয়ার কথা জানিয়েছিলেন রোনালদিনিয়ো। এবার ব্রাজিল অধিনায়কের প্রশংসায় বললেন, “(আমার বিশ্বাস) বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে সে। সে অনন্য। ব্রাজিলের আরেকজন খেলোয়াড়কে ইতিহাস গড়তে দেখাটা আনন্দের।”

ভিয়ারিয়ালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে নেইমারের করা অসাধারণ গোলের পর ব্রাজিলের এই ফরোয়ার্ডকে রোনালদিনিয়োর সঙ্গে তুলনা করেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ওই ম্যাচে দারুণ ফ্লিকে বল উড়িয়ে নিয়ে শরীরটাকে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন নেইমার।

ম্যাচ শেষে এনরিকে বলেছিলেন, “রোনালদিনিয়োর পাশে খেলার সৌভাগ্য আমার হয়েছিল। অনুশীলনে আমরা দাঁড়িয়ে বল নিয়ে তার কারিকুরি দেখতাম। কিছু কিছু ক্ষেত্রে নেইমারের বিষয়টাও তাই, তারা বিশেষ খেলোয়াড়।”