২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিঃস্বার্থ খেলেন মেসি-নেইমার-সুয়ারেস’

লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমার-এই সেরা তিন তারকার নিঃস্বার্থ খেলা দলের সাফল্যের কারণ বলে জানিয়েছেন জেরার্দ পিকে। বার্সেলোনার এই ডিফেন্ডার আরও দাবি করেন, এই ত্রয়ীতে সাজানো আক্রমণভাগই বিশ্বসেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 04:49 PM

Updated : 22 Aug 2022, 01:53 PM

২০১৫-১৫ মৌসুমে মেসি-সুয়ারেস-নেইমার মিলে ১২২ গোল করে বার্সেলোনার ট্রেবল জয়ে দারুণ ভূমিকা রাখেন। দলের সাফল্যের কারণ জানাতে গিয়ে তিন সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ হন পিকে।

“এই তিনজনের মধ্যে যে সম্পর্কটা আছে, সেটাই আসল। এটা আপনি মাঠেও দেখতে পাবেন; এটা অসাধারণ। যেমন, যখন কেউ (নেইমার) অনেক গোল করছে, অন্যজন পাচ্ছে না, সে (নেইমার) পরের দিন সুয়ারেসকে পেনাল্টিটা নিতে দেবে।”

খেলোয়াড়দের মধ্যে যখন অহংবোধ থাকবে, তখনই সমস্যা তৈরি হবে বলে মনে করেন বার্সেলোনার এই স্প্যানিশ ডিফেন্ডার। পিকে জানান, বার্সেলোনায় যোগ দেওয়ার আগে লিভারপুলের মূল তারকা ছিলেন সুয়ারেস; উরুগুয়ের এই ফরোয়ার্ড কাম্প নউতে এসে মানিয়ে নিয়েছেন সব কিছুর সঙ্গে।

তিন সতীর্থের খেলার ধরন সর্ম্পকে পিকে বলেন, “তারা আলাদা ধরনের। ওয়ান টু ওয়ান পজিশনে নেইমার সেরা; তাকে থামানো যায় না। দলে লিও মেসি আছে, যে বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়- সে আক্রমণ, রক্ষণ, এমনকি ছোটোখাট গড়নের হলেও হেড করতে পারে। এবং সুয়ারেস আছে, বক্সে বলে তার প্রথম ছোঁয়াটা অসাধারণ।”

মেসি-নেইমার-সুয়ারেসের মতো তারকা আক্রমণভাগে থাকলে যে কোনো দলের জন্য শিরোপা জেতা সহজ হয়ে যায় বলে বিশ্বাস পিকের। তিন সতীর্থকে নিয়ে গড়া বার্সোলনার আক্রমণভাগকে ‘বিশ্বসেরা’ বলেও দাবি করেন তিনি।