২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেইমার এখন মেসি-রোনালদোর কাতারে’

নতুন মৌসুমে বার্সেলোনায় নেইমারের খেলা দেখে মুগ্ধ জেরার্দো মার্তিনো। আর্জেন্টিনা কোচ মনে করেন, ব্রাজিলের এই ফরোয়ার্ড এখন লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারের ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 04:27 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

২৩ বছর বয়সী নেইমার এ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ খেলে ১৩ গোল করেন। চোটের কারণে মেসি মাঠের বাইরে থাকার পরও অসাধারণ খেলে বার্সেলোনাকে লা লিগার শীর্ষে তুলতে বড় ভূমিকা রাখেন তারকা এই ফরোয়ার্ড।  
 
চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন দারুণ ছন্দে থাকা নেইমার। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ঘরের মাটিতে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকালে।
 
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিল অধিনায়ক নেইমারের প্রশংসা করেন মার্তিনো।
 
“নেইমার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তার ব্রাজিল দলে ফেরাটা হচ্ছে দারুণ সময়ে।”
 
বার্সেলোনায় নেইমারের প্রথম মৌসুমে কোচ ছিলেন মার্তিনো। তখনও স্পেনের ফুটবলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি নেইমার। তবে নেইমারের এখনকার পারফরম্যান্স তাকে সেরাদের কাতারে তুলে দিয়েছে বলে মনে করেন মার্তিনো। 
 
“প্রত্যেক খেলোয়াড়েরই মানিয়ে নিতে সময় লাগে। আমাকে কোচিং করাতে হয়েছে একজন খুব ভালো নেইমারকে। কিন্তু সে যা করছে, সেটা তাকে দুজন খেলোয়াড়ের (মেসি ও রোনালদো) কাতারে তুলে দেয়, যারা বাকিদের উপরে আছে বলে আমরা বিবেচনা করি।”