২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-রোনালদোর চেয়ে 'সেরা' নেইমার

‘বিশ্বের সেরা ফুটবলার কে?’- গত সাত বছরে এই প্রশ্নের উত্তরটা লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যেই সীমাবদ্ধ। তবে ব্রাজিলের কোচ দুঙ্গার মতে, বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার হলেন নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 01:08 AM

Updated : 12 Oct 2022, 04:27 PM

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে মেসি ও রোনালদোর চেয়ে শিষ্য নেইমারকে এগিয়ে রাখছেন দুঙ্গা।

আগামী শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বুধবার সংবাদ সম্মেলনে নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেন দুঙ্গা। আন্তর্জাতিক অঙ্গনে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ফিরতে যাচ্ছেন নেইমার।

“সংখ্যা আর পরিসংখ্যান অনুযায়ী এখন নেইমার সেরা। সম্প্রতি চোট পেয়ে মেসি মাঠের বাইরে, গত বছর রোনালদো যা করেছেন, তাকে তার পুনরাবৃত্তি করতে হবে। আর (২০১৩) সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে নেইমার ক্রমেই উন্নতি করছে।”

চোটের কারণে মাঠের বাইরে থাকা লিওনেল মেসির অনুপস্থিতিতে গত কয়েক সপ্তাহে বার্সেলোনাকে জয়ের পথে রাখতে মূল ভূমিকায় ছিলেন নেইমার। আর রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো বর্তমানে নিজের মান অনুয়ায়ী খেলতে পারছেন না।

গত ২৬ সেপ্টেম্বর চোট পেয়ে মেসির ছিটকে পড়ার পর থেকেই বার্সেলোনার কাণ্ডারি হয়ে উঠেছেন নেইমার। ক্লাবের হয়ে শেষ সাত ম্যাচে ১০ গোল করেছেন তিনি। এই সময়ে সতীর্থদের দিয়ে ছয়টি গোলও করান ২৩ বছর বয়সী এই তারকা।

জাদুকরী ফুটবলের সবশেষ উদাহরণ নেইমার রাখেন গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে। দলকে ৩-০ ব্যবধানে জেতাতে জোড়া গোল করেন, যার দ্বিতীয়টি ছিল চোখ ধাঁধানো।