২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষা

তাজিকিস্তানের মাঠে তাদের সমর্থকদের সামনে খেলা। মধ্য এশিয়ার দেশটির ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিজেদের সেরা খেলা উপহার দেওয়ার চ্যালেঞ্জও আছে। তবে সব বাধা পেরিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম জয়ের স্বাদ পাওয়ার প্রত্যয় নিয়েই মাঠে নামবে মামুনুল-নাসিরউদ্দিনরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 12:57 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ম্যাচে আগামী বৃহস্পতিবার তাজিকিস্তানের দুশানবে সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আগের দিনের সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানান বাংলাদেশ কোচ ফাবিও লোপেজ।

ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ছয় দিন আগেই তাজিকিস্তানে পৌঁছান মামুনুলরা। লোপেজ আশাবাদী, স্বাগতিক দর্শকদের চাপও তার শিষ্যরা সামলাতে পারবে। সব মিলিয়ে প্রত্যয়ী এক ঘোষণাই দিলেন বাংলাদেশ কোচ।

“ম্যাচ জিততেই আমরা এখানে এসেছি। তাজিকিস্তানের প্রতি আমাদের শ্রদ্ধা আছে; দুই দলের জন্যই কঠিন ম্যাচ হবে; তবে প্রতিপক্ষকে ভয়ের কিছু নেই। আমরা অতীত ম্যাচ নিয়ে ভাবছি না; সামনের ম্যাচে ভালো করাই আমাদের লক্ষ্য।”

“কন্ডিশন ও সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমরা আগে এখানে এসেছিলাম। আবহাওয়া ঠাণ্ডা, কিন্তু মাঠের কন্ডিশন ভালো। যারাই সেরা খেলবে, তারাই জিতবে। আশা করি, ম্যাচটি জেতার জন্য ছেলেরা সর্বোচ্চটা দেবে”, যোগ করেন লোপেজ।

বিশ্বকাপের বাছাইপর্বে তাজিকিস্তানের সঙ্গে অতীত লড়াইয়ে বাংলাদেশ পিছিয়েই আছে। তবে সেটা একদমই একপেশে নয়। এর আগে খেলা পাঁচ ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে তিনটিতে হারে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ ড্র করে তারা।

মধ্য এশিয়ার দেশটির বিপক্ষে সবশেষ লড়াইটি মামনুলদের জন্য অনুপ্রেরণাদায়ীই। এবারের বাছাইপর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচ ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। তবে জাহিদ হাসান এমিলির গোলে এগিয়ে গিয়েছল স্বাগতিকরাই।

তাজিকিস্তানের মাঠে এমিলি অবশ্য নেই। সঙ্গে অনুপস্থিত জাহিদ হাসানও।  জন্ডিসের কারণে উঠতি ফরোয়ার্ড জুয়েল রানাও নেই। আক্রমণভাগ নিয়ে ভাবনা তাই থাকছেই বাংলাদেশ দলের।

গোল পেতে লোপেজকে তাকিয়ে থাকতে হবে তরুণ দুই ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন ও তকলিস আহমেদের উপরই। এ ক্ষেত্রে যার উপর ভরসা সবচেয়ে বেশি, সেই জীবন অবশ্য প্রত্যয়ের কথাই শোনালেন।

"সুযোগ পেলে চেষ্টা করব সেরাটা দেওয়ার জন্যই।"

রক্ষণভাগ নিয়ে অবশ্য এখন অনেকটাই নির্ভার লোপেজ। তপু বর্মন না থাকলেও চোট কাটিয়ে ফিরেছেন নাসিরউদ্দিন চৌধুরী।

মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে অধিনায়ক মামুনুলের সঙ্গে আছেন জামাল ভূইয়া। নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারবেন বলে আত্মবিশ্বাসী তারা। জামাল সতীর্থ ফরোয়ার্ডদের সুযোগ কাজে লাগানোর বিষয়টি মনে করিয়ে দেন।

“নিজেদের মাঠে ও দর্শকের সামনে খেলা তাজিকিস্তান একটু এগিয়ে থাকবে। কিন্তু ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হবে। প্রথম লেগে নিজেদের মাঠে (এগিয়ে গিয়েও) শেষ দিকে গোল খেয়ে তাজিকিস্তানের সঙ্গে ড্র করেছিলাম।এবার আমরা সুযোগ হারাতে চাই না।”

জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তাজিকিস্তান অধিনায়ক কোমিল সাইদোভও (Komil Saidov)। তবে সাইদোভ মেনে নিলেন জয় পাওয়াটা কারও জন্যই সহজ হবে না।

“আমরা ম্যাচটি জিততে চাই। জয়ই আমাদের আসল লক্ষ্য। যে দল জিতবে, তারাই অন্যের চেয়ে ভালো দল। দুই দলের জন্যই ম্যাচটি কঠিন হবে।”

‘বি’ গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জর্ডান; ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া। কিরগিজস্তান (৮) ও তাজিকিস্তান (২) যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। তাজিকিস্তানের বিপক্ষে ড্রয়ের সুবাদে পাওয়া এক পয়েন্ট নিয়ে গ্রুপের পাঁচ দলের মধ্যে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ।