২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যালন ডি’অরের যোগ্য নেইমার’

গোলের পর গোল করে চলা নেইমারে মুগ্ধ রিভালদো। তার মুগ্ধতা এতটাই যে, আগামী ফিফা ব্যালন ডি’অর নেইমারের হাতে দেখতে চাওয়ার কথা ইনস্ট্রাগ্রামে জানিয়েছেন ব্রাজিলের সাবেক এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:04 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

গত সাত বছরে টানা চারবার ফিফা ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি আর তিন বার রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। সময়ের এই দুই সেরা তারকার প্রতি শ্রদ্ধা রেখেই এবার বর্ষসেরার দৌড়ে নেইমারের পক্ষে মত দেন রিভালদো।

“আমি জানি না, ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড় কে হবে। কিন্তু আমার একান্ত অভিমত-ক্রিস্তিয়ানো রোনালদো, মেসি এবং অন্যদের শ্রদ্ধা করেই বলছি, নেইমার বিশ্বসেরা হবার যোগ্য।”

চোটের কারণে মেসির বাইরে থাকাটা বার্সেলোনাকে বুঝতেই দিচ্ছেন না নেইমার। দলকে লা লিগার শীর্ষে ফেরাতে মেসির অনুপস্থিতিতে প্রতি ম্যাচের দারুণ খেলছেন ব্রাজিলিয়ান তারকা।

এই মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ১৩টি গোল করেছেন নেইমার। আর লা লিগায় সর্বোচ্চ ১১ গোল করেছেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।

ভিয়ারিয়ালের বিপক্ষের সর্বশেষ ম্যাচে দারুণ এক গোল করে নতুন করে শিরোনামে এসেছেন নেইমার। অসাধারণ এক ফ্লিকে বল ওপরে তুলে শরীরটাকে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে নেওয়া নিখুঁত ভলিতে লক্ষ্যভেদ করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

১১ নম্বর জার্সি পরে বার্সেলোনার হয়ে স্বদেশির আলো ছড়ানো দেখে দারুণ খুশি রিভালদো।

“বার্সেলোনার হয়ে নেইমারের খেলা, বিশেষ করে ১১ নম্বর জার্সি পরে খেলা দেখাটা আনন্দের ব্যাপার। এই জার্সিটাকে আমি খুব ভালো করে জানি।”