রিয়ালের বিপক্ষে মেসিকে পাওয়ার আশা বার্সা সভাপতির
স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিওনেল মেসিকে পাওয়ার আশা করছেন বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।
‘এল ক্লাসিকো’ নামে পরিচিত রিয়াল-বার্সেলোনার লড়াইটি সান্তিয়াগো বের্নাবেউতে হবে আগামী ২১ নভেম্বর।
গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পান মেসি। এর পর থেকে মাঠের বাইরে আছেন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা। মৌসুমের প্রথম ক্লাসিকোতে খেলাও নিশ্চিত নয় আর্জেন্টিনা অধিনায়কের।
এই ম্যাচের জন্য তারকা ফরোয়ার্ডকে ফিরে পাওয়ার ব্যাপারে অবশ্য আশাবাদী বার্তোমেউ।
“আমি আশা করছি, সে খেলতে পারবে। তার সেরে ওঠা আমাদের পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে।”
রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে নেইমারসহ আরও অনেক তারকাই দেশের হয়ে খেলতে যাচ্ছেন। সব খেলোয়াড় সুস্থ অবস্থায় ফিরে আসবে বলেই আশা করেন বার্তোমেউ।
এই সপ্তাহে বার্সেলোনার প্রথম অনুশীলনে মূল দলের ১২ জন খেলোয়াড় না থাকলেও মেসি ছিলেন। তবে মূল দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেননি তিনি। মেসি একা একা হালকা দৌড়ান আর শট নেন।
