জাতীয় দাবায় প্রথম হার জিয়ার
জাতীয় দাবায় এবারের আসরে প্রথম হারলেন জিয়াউর রহমান। সপ্তম রাউন্ডের খেলায় এই গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি।
জিয়া, দেবরাজ ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান সাড়ে চার করে পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন।
জাতীয় ক্রীড়া পরিষদে মঙ্গলবার সপ্তম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিবের সঙ্গে ড্র করে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন।
নিয়াজ মোর্শেদ, রাকিব ও এনামুল হোসেন রাজীব-এই তিন গ্র্যান্ডমাস্টার পাঁচ করে পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সপ্তম রাউন্ডের খেলায় নিয়াজ ও রাজীবের ম্যাচটি ড্র হয়।
টানা দুই জয়ের পর সাইফুল ইসলামের সঙ্গে ড্র করেছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান।
জাতীয় দাবার ৪১তম আসরে চার জন গ্র্যান্ডমাস্টার দুই জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
