চাপ ভালোবাসেন রোনালদো
প্রত্যাশার চাপে অনেকেই ভেঙে পড়েন; কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোর কাছে বিষয়টা পুরো উল্টো। চাপকেই নাকি ভালোবাসেন পর্তুগিজ এই ফরোয়ার্ড!
নিজের ওপর তৈরি একটি তথ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে এ কথা বলেন রিয়াল মাদ্রিদ তারকা।
“আমি চাপ ভালোবাসি। যখন আমি আর চাপ অনুভব করব না, তখন আমি আমার বুটজোড়া পাশে সরিয়ে রেখে বলব, ‘এই শেষ’।”
লন্ডনের লেস্টার স্কয়ারের ভিউ ওয়েস্ট এন্ড থিয়েটারে সোমবার ‘রোনালদো’ তথ্যচিত্রটির প্রিমিয়ার শো হয়।
রোনালদো তার এজেন্ট ও পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে আসেন। বিশেষ এই ক্ষণে উপস্থিত ছিলেন তার সাবেক তিন কোচ অ্যালেক্স ফার্গুসন, জোসে মরিনিয়ো ও কার্লো আনচেলত্তি।
আরও ছিলেন রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ গ্যারি নেভিল ও রিও ফার্ডিন্যান্ড, কলম্বিয়ার স্ট্রাইকার রাদামেল ফালকাও। তবে রিয়াল মাদ্রিদের কোচ কিংবা খেলোয়াড়দের কেউই সেখানে ছিলেন না।
