মাতার ব্লগে নেইমার বন্দনা
ভিয়ারিয়ালের বিপক্ষে করা বিস্ময়কর গোলটির জন্য বার্সেলোনার ফরোয়ার্ড নেইমারকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হুয়ান মাতা।
স্পেনের লা লিগায় গত রোববার নিজেদের মাঠ কাম্প নউয়ে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে জেতাতে জোড়া গোল করেন নেইমার। ব্রাজিলের তারকার দ্বিতীয় গোলটি সত্যিকার অর্থেই বিস্ময়কর ছিল।
বাঁ প্রান্ত থেকে লুইস সুয়ারেসের একটি পাস বক্সের মধ্যে দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণ করেন নেইমার। ‘সোমব্রেরো’ ফ্লিকে পাহারায় থাকা ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বল অন্য পাশে নিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে ভলিতে জালে পাঠান ব্রাজিলের এই ফরোয়ার্ড।
গোলটি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মাতা তার ব্লগে উচ্ছ্বাস প্রকাশ করেন।
“আরেকবার নেইমার দেখালো সে কতটা ভয়ঙ্কর। একজন শীর্ষ মানের খেলোয়াড়। তার দ্বিতীয় গোলটিতে ছিল মুন্সিয়ানার ছোঁয়া।”
