২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোদের দ্বিতীয়ার্ধের খেলায় হতাশ বেনিতেস

এগিয়ে গিয়েও সেভিয়ার কাছে শেষ পর্যন্ত হারের কারণ হিসেবে রোনালদোদের দ্বিতীয়ার্ধের নিয়ন্ত্রণহীন খেলাকে দুষেছেন রাফায়েল বেনিতেস। রিয়াল মাদ্রিদের কোচ মনে করেন, তার শিষ্যরা মাত্র ৩০ মিনিট ভালো খেলেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 05:41 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

লা লিগায় গত রোববারের ম্যাচে সেভিয়ার মাঠে শুরুতে এগিয়ে যায় রিয়াল। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়ে ঘরে ফেরে বেনিতেসের দল।
 
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় রোনালদোদের দ্বিতীয়ার্ধের খেলার সমালোচনা করে বেনিতেস বলেন, “আমরা তিরিশ মিনিট খুবই ভালো খেলেছিলাম; সব পর্যায়েই নিয়ন্ত্রণ (আমাদের) ছিল। এরপর আমরা তাদেরকে ডেড বল থেকে গোল করতে দিলাম, যেটা ম্যাচ বদলে দিল।”
 
“ম্যাচ থেকে এটাই ছিল আমাদের শিক্ষা..দ্বিতীয়ার্ধে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারিনি”, যোগ করেন এই স্প্যানিশ কোচ।
 
পিছিয়ে পড়ার পর চিরো ইম্মোবিলের গোলে সমতায় ফেরা সেভিয়াকে আরও দুই গোল এনে দেন এভার বেনেগা ও ফের্নান্দো লরেন্তে। 
 
শেষের বাঁশি বাজার আগে হামেস রদ্রিগেস রিয়ালকে গোল এনে দেন কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। বেনিতসও জানান, তার দলের ঘুরে দাঁড়াতে বড্ড দেরি হয়ে গিয়েছিল।
 
“দ্বিতীয় গোল খাওয়ার পর থেকে আমরা ভুল করতে শুরু করলাম; তারা সুবিধাটা নিল এবং তৃতীয় গোল করল। আমরা (ম্যাচে) ফিরলাম এবং দেরিতে গোল করলাম; কিন্তু এটা যথেষ্ট ছিল না।”
 
এগিয়ে যাওয়ার পরও শিষ্যরা ম্যাচ মুঠোয় নিতে পারেনি বলে হতাশ বেনিতেস। ৩-১ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন ছিল বলেও জানান তিনি।