নাপোলিকে জেতালেন হিগুয়াইন
আর্জেন্টিনার ফরোয়ার্ড গনসালো হিগুয়াইনের একমাত্র গোলে উদিনেজেকে হারিয়েছে নাপোলি। ইতালির সেরি আয় অন্য ম্যাচে এম্পোলির বিপক্ষে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস।
রোববার এম্পোলির মাঠে ১৯তম মিনিটে ইতালিয়ান স্ট্রাইকার মাস্সিমো মাকারোনের গোলে পিছিয়ে পড়ে ইউভেন্তুস। তবে খানিক বাদেই ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় অতিথিরা।
৩২তম মিনিটে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচের সমতাসূচক গোলের পর ৩৮তম মিনিটে পাট্রিস এভরা দলকে এগিয়ে দেন।
এই মৌসুমে ফরাসি ডিফেন্ডার এভরার এটা প্রথম গোল।
আর ৮৪তম মিনিটে ব্যবধান ৩-১ করে জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার স্ট্রাইকার পাওলো দিবালা।
সব ধরনের প্রতিযোগিতা মিলে প্রায় দেড় মাস পর অ্যাওয়ে ম্যাচে জয় পেল ইউভেন্তুস। গত ২০ সেপ্টেম্বর ইতালির শীর্ষ এই লিগেই শেষ অ্যাওয়ে ম্যাচে জিতেছিল প্রতিযোগিতার সফলতম দলটি। সেবার জেনোয়াকে তারা ২-০ গোলে হারিয়েছিল।
১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে ইউভেন্তুস।
উদিনেজের বিপক্ষে নিজেদের মাঠে প্রথমার্ধে গোল পায়নি নাপোলি। বিরতির পর ৫৩তম মিনিটে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান হিগুয়াইন। সেরি আয় এ মৌসুমে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের গোল হলো সর্বোচ্চ ৯টি।
২৫ পযেন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি।
দিনের প্রথম ম্যাচে শীর্ষে থাকা ইন্টার মিলান একমাত্র গোলে তোরিনোকে হারায়। এই জয়ে ইতালির অন্যতম সফল দলটির পয়েন্ট হয়েছে ২৭।
আর দ্বিতীয় স্থানে থাকা রোমা ২-০ গোলে হারিয়েছে লাৎসিওকে। রাজধানীর দলটির পয়েন্ট ২৬।
