২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের ড্র, হেরেই গেল লিভারপুল

প্রিমিয়ার লিগ ম্যাচে নিজেদের মাঠে আর্সেনাল ও লিভারপুল দুই দলই হোঁচট খেয়েছে। আর্সেনাল অনেক কষ্টে হার এড়িয়ে ড্র করতে পারলেও লিভারপুল হেরেই গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 01:17 AM

Updated : 25 Apr 2022, 02:07 PM

রোববার রাতে এমিরেটস স্টেডিয়ামে টটেনহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্সেন ভেঙ্গারের দল। আর অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরে যায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এমিরেটসে ৩২তম মিনিটে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ড্যানি রসের লম্বা করে বাড়ানো বল থেকে সামনে থাকা কেবল গোলরক্ষক পিওতর চেককে সহজেই পরাস্ত করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরতে পারত আর্সেনাল। কিন্তু অলিভিয়ে জিরুদের হেড ক্রসবারে লাগে।

৭৭তম মিনিটে কিয়েরেন গিবসের গোলে সমতায় ফেরে আর্সেনাল। ডান দিক থেকে মেসুত ওজিলের ক্রসে গিবসের নেওয়া বাম পায়ের ভলি কাছের পোস্ট দিয়ে লক্ষ্যে পৌঁছায়।

অন্য ম্যাচে অ্যানফিল্ডে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে দেন ইয়ানিক বোলাসেই। ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি।

৪২তম মিনিটে ফিলিপে কৌতিনিয়োর গোলে সমতায় ফেরে লিভারপুল। অ্যাডাম লালানার বুদ্ধিদ্বীপ্ত পাস থেকে গোলটি করেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

ক্রিস্টিয়ান বেনটেক সুযোগ হারানোয় লিভারপুলের এগিয়ে যাওয়া হয়নি। অন্যদিকে ৮২তম মিনিটে স্কট ড্যানের অসাধারণ গোলে আবার এগিয়ে যায় অতিথিরা।

কর্নার থেকে উড়ে আসা বলে ড্যানের নেওয়া প্রথম দফা হেড ফিরিয়ে দেন লিভারপুল গোলরক্ষক। ফিরতি হেডে ড্যানই লক্ষ্যভেদ করে ক্রিস্টালকে জয় এনে দেন।

লিগে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল আর্সেনাল। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভেঙ্গারের দল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

আগের ম্যাচে অ্যাস্টন ভিলার সঙ্গে গোলশূন্য ড্র করে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

লিগে এটি লিভারপুলের তৃতীয় হার। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে অলরেডস নামে পরিচিত দলটি।