২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যথা নিয়েই খেলেছেন সিদ্দিকুর

এশিয়ান ট্যুরের শিরোপা অল্পের জন্য জিততে না পারলেও নিজের খেলা নিয়ে সন্তুষ্ট সিদ্দিকুর রহমান। ভারতের নয়া দিল্লিতে প্যানাসনিক ওপেনে যৌথভাবে দ্বিতীয় হওয়ার পর বাংলাদেশের সেরা এই গলফার জানিয়েছেন, ব্যথা নিয়েই শেষ রাউন্ড খেলেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

দিল্লি গলফ ক্লাবে রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে আগের রাউন্ডের ছন্দ ধরে রাখতে পারেননি সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় হন তিনি।
 
চতুর্থ রাউন্ডে চারটি করে বার্ডি (পারের চেয়ে এক শট কম) ও বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেন সিদ্দিকুর। 
 
২০১৩ সালের নভেম্বরে ভারতের এই কোর্সেই দ্বিতীয় এশিয়ান ট্যুরের সেরা হওয়া সিদ্দিকুর জানান, এবার চতুর্থ রাউন্ড শেষ করতে পেরেই খুশি তিনি।
 
“চোট পাওয়ার কারণে ভেবেছিলাম আমি খেলতে পারব না। কিন্তু চতুর্থ টি বক্সে ফিজিও কিছু চিকিৎসা দিয়েছিল এবং আমি ভালো বোধ করলাম। আমি খুশি যে, আমি চতুর্থ রাউন্ড শেষ করতে পেরেছি।”
 
“ভালো করার বা জেতার জন্য নিজের ওপর কোনো চাপ নেইনি। কেননা, আমি পিঠের ব্যথা টের পাচ্ছিলাম। জয়টা এলো না কিন্তু (যা হলো) ঠিক আছে”, যোগ করেন সিদ্দিকুর।