ম্যানচেস্টার ইউনাইটেডের কষ্টের জয়
ওয়েস্ট ব্রমউইচকে নিজেদের মাঠে কষ্টে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে লুই ফন খালের শিষ্যদের জয়টি ২-০ গোলের।
দ্বিতীয়ার্ধের শুরুতে জেসি লিঙ্গার্ড আর শেষ মুহূর্তে করা হুয়ান মাতার গোল ইউনাইটেডকে ৩ পয়েন্ট এনে দেয়। এই জয়ের ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে উঠে এসেছে লিগের সফলতম দলটি।
নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকে ওয়েস্ট ব্রমের রক্ষণে চাপ ধরে রাখলেও রুনি-মাতাদের ব্যর্থতায় গোল পাচ্ছিল না ইউনাইটেড।
সপ্তদশ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ হারায় স্বাগতিকরা। ওয়েইন রুনির বাড়ানো বলে স্প্যানিশ ফরোয়ার্ড হুয়ান মাতার শট দুরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
ইউনাইটেডের আন্তনি মার্সিয়াল, লিঙ্গার্ডদের প্রচেষ্টা ব্যর্থ হলে সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া আক্রমণ চালাতে থাকে ইউনাইটেড। ৫২তম মিনিটে মার্সিয়ালের ক্রস প্রতিপক্ষের এক খেলোয়াড় হেড করে ফেরালে বল পেয়ে যান লিঙ্গার্ড। বাঁকানো শটে লক্ষ্যভেদ করে সমর্থকদের আনন্দে ভাসান ইংল্যান্ডের এই উইঙ্গার।
ড্যারেন ফ্লেচার ও লিঙ্গার্ডের দুটি সুযোগ নষ্ট হওয়ার পর পরই সমতায় ফেরার সুযোগ হারায় ওয়েস্টব্রমের সাইডো বেরাহিনো।
শেষ মুহূর্তে ডান দিক দিয়ে আক্রমণে যাওয়া মার্সিয়ালকে ডি- বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় ইউনাইটেড। নিখুঁত শটে মাতা লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।
