এবার সাবিনার ৯ গোল
বিজেএমসির হয়ে জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে গোলোৎসব করেই চলেছেন সাবিনা। কুষ্টিয়ার বিপক্ষে বড় জয়ে জাতীয় দলের এই ফরোয়ার্ড একাই করেন নয় গোল।
মেহেরপুর জেলা স্টেডিয়ামে শনিবার কুষ্টিয়া জেলাকে ১৫-০ গোলে উড়িয়ে দেয় বিজেএমসি। পঞ্চদশ, ৩২ ও ৩৩তম মিনিটে হ্যাটট্রিক তুলে নেওয়া সাবিনা পরে আরও ছয়বার কুষ্টিয়ার জালে বল পাঠান। হ্যাটট্রিক করেন মুক্তাও।
এ মাঠেই চ্যাম্পিয়নশিপের আগের ম্যাচে নড়াইল জেলাকে হারাতে ৫ গোল করেছিলেন সাবিনা।
দিনের অন্য খেলায় জামালপুর জেলার বিপক্ষে ৮-০ গোলে জিতেছে টাঙ্গাইল জেলা। জয়ী দলের কৃষ্ণা রাণী ছয় গোল করেন।
এছাড়া ফরিদপুরের ম্যাচে মাদারীপুরকে ৬-০ গোলে হারিয়েছে রাজবাড়ী।
লক্ষ্মীপুরকে তাদের মাঠে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে খাগড়াছড়ি।
