সিদ্দিকুরের সঙ্গে দিল্লিতে আলো ছড়াচ্ছেন জামালও
প্যানাসনিক ওপেন গলফের দ্বিতীয় রাউন্ডেও ছন্দ ধরে রেখেছেন সিদ্দিকুর রহমান। তার সঙ্গে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেনও। যৌথভাবে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের এই দুই গলফার।
দিল্লি গলফ ক্লাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের খেলায় দুটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) ও চারটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করেন সিদ্দিকুর।
এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার সব মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। প্রথম রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলে যৌথভাবে চতুর্থ স্থানে ছিলেন সিদ্দিকুর।
২০১৩ সালের নভেম্বরে নয়া দিল্লির এই গলফ কোর্সেই এশিয়ান ট্যুরের দ্বিতীয় শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর।
চার লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ২৬তম স্থানে থাকা জামাল দ্বিতীয় রাউন্ড পার করেছেন কোনো বোগি না করেই।
দ্বিতীয় দিনে পাঁচটি বার্ডি করে লিডারবোর্ডে এগিয়ে আসেন জামাল। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে তিনিও আছেন তৃতীয় স্থানে।
দুই রাউন্ডের ব্যর্থতায় ভারতের এই আসরের কাট থেকে বাদ পড়েছেন বাংলাদেশের দুলাল হোসেন; সব মিলিয়ে পারের চেয়ে ছয় শট বেশি খেলে যৌথভাবে ৮৩তম স্থানে ছিলেন তিনি।
দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে এগারো শট কম খেলে শীর্ষে রয়েছেন স্বাগতিকদের চিরাগ কুমার।
