আমিই বিশ্বসেরা: রোনালদো
রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের তারকা ফরোয়ার্ড রোনালদো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনিই বিশ্বসেরা খেলোয়াড়।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগালের অধিনায়ক বলেন, “আমার কাছে, আমি সব সময়ই সেরা। মানুষ কী ভাবছে তাতে আমার কিছু আসে যায় না। শুধু এ বছরই নয়, আমার কাছে আমি সব সময়ই সেরা।”
গত অনেক বছর ধরেই সময়ের সেরা খেলোয়াড় নিয়ে বিতর্কে ফুটবলপ্রেমীরা রোনালদো আর মেসির কথাই বলে আসছে। বেশিরভাগই অবশ্য এগিয়ে রাখে চার বারের বর্ষসেরা ফুটবলার বার্সেলোনা তারকা মেসিকে। কিন্তু তিন বারের বর্ষসেরা খেলোয়াড় রোনালদোর এতে কিছু যায়-আসে না।
“আমি মতামতকে শ্রদ্ধা করি। হতে পারে, আপনার মতে মেসি আমার চেয়ে ভালো। কিন্তু আমার কাছে, আমি তার চেয়ে ভালো।”
রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো নিজের দাবির পক্ষে যুক্তি দেখাতে পরিসংখ্যান তুলে ধরেন।
“আমার বলার দরকার নেই যে, আমি ফুটবল ইতিহাসে আছি, আমি একজন কিংবদন্তি। পরিসংখ্যানই সব কিছু বলে।”
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড ৮ কোটি পাউন্ড ট্রান্সফার ফির বিনিময়ে রিয়াল মাদ্রিদে নাম লেখানো রোনালদো দাবি করেন, একজন খেলোয়াড় হিসেবে সামর্থ্যের চূড়ায় আছেন তিনি।
রোনালদো মনে করেন, গত আট বছর ধরে তিনি তার দুর্দান্ত ফর্মটা ধরে রেখেছেন এবং একই গতিতে খেলে যাচ্ছেন। আরও পাঁচ থেকে ছয় মৌসুম ফুটবল খেলে যেতে চান ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
