২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দাবায় শীর্ষে রাজীব

টানা তিন জয়ে জাতীয় দাবায় এককভাবে শীর্ষে উঠেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 09:43 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

জাতীয় ক্রীড়া পরিষদে বৃহ্স্পতিবার তৃতীয় রাউন্ডের খেলায় সাইফুল ইসলাম চৌধুরীকে হারান রাজীব। এই হারে দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে শীর্ষে থাকা সাইফুল দুই পয়েন্ট নিয়ে পিছিয়ে পড়েছেন।
 
সাইফুলের মতো তৃতীয় রাউন্ডের হারে পিছিয়ে পড়েছেন দেবরাজ চ্যাটার্জিও। দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে শীর্ষে থাকা এই ফিদে মাস্টার হেরেছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের কাছে।
 
আড়াই পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও রানার্সআপ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। জিয়া ফিদে মাস্টার আমিনুল ইসলামকে ও নিয়াজ ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদকে হারিয়েছেন।
 
টানা দ্বিতীয় ড্র করেছেন আব্দুল্লাহ আল রাকিব। দ্বিতীয় রাউন্ডে পরাগের সঙ্গে ড্র করা এই গ্র্যান্ডমাস্টার এবার পয়েন্ট ভাগাভাগি করেছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে।
 
ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ এখনও জয়ের দেখা পাননি। রাকিব, তৈয়বুরের কাছে হেরে আসা ফাহাদ তৃতীয় রাউন্ডে হেরেছেন মাহাতাব উদ্দিন আহমেদের কাছে।
 
জাতীয় দাবার ৪১তম আসরে চার গ্র্যান্ডমাস্টার দুই আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।