২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মামুনুল’ হতে চান জনি

জাতীয় দলে প্রথমবারের মতো ঠাঁই পাওয়ার অনুভূতি প্রকাশের ভাষা তার জানা নেই। কিন্তু মাশুক মিয়া জনি ঠিকই প্রত্যয়ী কণ্ঠে জানিয়ে দিলেন, আগন্তুক হতে নয়, মামুনুল ইসলামের মতোই লম্বা সময় ধরে আলো ছড়াতে এসেছেন তিনি।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 09:37 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

১২ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে তাজিকিস্তান যাচ্ছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনি জানালেন, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলার অভিজ্ঞতা সুযোগ পেলে তাজিকিস্তানের মাঠে মেলে ধরতে চান; দেশের হয়ে খেলা প্রথম ম্যাচটিকে করে রাখতে চান রঙিন।

জাতীয় দলে ঠাঁই মেলার স্বাদ

জাতীয় দলের দরজা জনির জন্য খুলতে খুলতেও খুলছিল না। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও ছিলেন কিন্তু চূড়ান্ত দলে ঠাঁই মেলেনি। তাজিকিস্তান ম্যাচের প্রাথমিক দলে ডাক পাওয়ার পর ছিটকে যাওয়ার শঙ্কা যে একেবারে উঁকি দেয়নি, তা নয়। তবে সে শঙ্কার মেঘ সরে যাওয়ায় উচ্ছ্বাসে এখন ভাসছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করা এই মিডফিল্ডার।

“এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেলাম; খুবই খুশি। পরিবারের সবাই, বন্ধু-বান্ধবরাও আনন্দিত। শ্রীমঙ্গলের (যেখান থেকে উঠে আসা) মানুষ খুব খুশি। আসলে, এই আনন্দ বলে বোঝানো যাবে না।”

পরিবারের কেউ ফুটবলার নন। ফলে চড়াই-উতরাই অন্যদের চেয়ে একটু বেশিই পেরুতে হয়েছে জনিকে। কৃতজ্ঞতার সুরে জানালেন, চলার পথে পাশে পেয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও একাডেমির কোচ একরামুর রহমান রানার স্নেহ, শাসন।

“ফুটবল একাডেমি শ্রীমঙ্গল থেকে আমি আজ এখানে। এর আগে শুধু অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি; এরপর সরাসরি জাতীয় দলে এলাম। আমার এই উঠে আসার পেছনে রানা স্যারের অবদান অনেক।”

শেখ কামাল ক্লাব কাপ দিয়ে নজরে

তাজিকিস্তান ম্যাচের দল চূড়ান্ত করার আগে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ দেখতে গিয়েছিলেন জাতীয় দলের কোচ ফাবিও লোপেজ। খুটিয়ে-খুটিয়ে দেখেছেন খেলোয়াড়দের। সেই দেখা থেকেই ঢাকা মোহামেডানের জার্সিতে মাঝমাঠে আলো ছড়ানো এই ১৯ বছর বয়সীকে মনে ধরেছে কোচের। জনিও জানালেন ক্লাব কাপের আসরটি তার জন্য স্বপ্নদুয়ার খোলার উপলক্ষ হয়েই এসেছিল।

“শেখ কামাল ক্লাব কাপেই তিনি (কোচ) আমাকে দেখেছেন; আমার খেলা দেখে খুশি হয়েছেন। এই টুর্নামেন্টটা আমার জন্য খুবই ভালো হয়েছে। ফিটনেস ভালো ছিল। মনে হয়, ভালো খেলেছিও।”

“এখন আত্মবিশ্বাস অনেক উঁচুতে। মানসিকভাবে অনেক শক্ত হয়েছি। প্রস্তুতিটাও ভালো হয়েছে। কোচ যদি আমাকে সুযোগ দেন, তাহলে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করব”, যোগ করেন এই উঠতি মিডফিল্ডার।

‘মামুনুল ভাইয়ের মতো হতে চাই’

জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন, জুয়েল রানার মতো নির্ভরযোগ্য ফুটবলার নেই বর্তমান দলে। তাজিকিস্তানের ঠাণ্ডা আবহাওয়া নিয়েও কোচ-অধিনায়ক কিছুটা চিন্তিত। তবে জনি জানালেন তাজিকিস্তান থেকে জিতে ফেরাই একমাত্র লক্ষ্য তাদের।

প্রথম মিশনটি অবশ্য জনির জন্য বেশ কঠিন। মামুনুলকে রাইট উইংয়ে খেলাচ্ছেন কোচ; ফলে জামাল ভূইয়ার সঙ্গে মাঝমাঠের জোয়ালটা তার কাঁধে উঠতে পারে। প্রস্তুতি ম্যাচে মাঝমাঠ ছেড়ে নাসিরউদ্দিন চৌধুরীকে সাহায্য করতে রক্ষণে ছুটে আসতেও হয়েছে তাকে। আসলে দলের প্রয়োজনে ‘বদলে যাওয়া’ মামুনুলের মতোই পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন জনি।

“আমি মূলত (ঢাকা মোহামেডানে) মিডফিল্ডার হিসেবে খেলি। প্রস্তুতি ম্যাচে কোচ আমাকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলিয়েছেন। তিনি যেখানে খেলাতে চান, আমি প্রস্তুত।”

“আমি মামুনুল ভাইয়ের মতো হতে চাই। তিনি যেভাবে জাতীয় দলের হয়ে খেলছেন, লম্বা সময় ধরে আমিও সেভাবে দেশের হয়ে খেলতে চাই”, লক্ষ্যটা যে সুদূরে, সেটাও দৃঢ়তাভরা কণ্ঠে জানিয়ে দিলেন জনি।