২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলগত খেলায় খুশি বার্সা কোচ

বাতে বরিসভের বিপক্ষে রক্ষণভাগ, মাঝমাঠ ও আক্রমণভাগ সব জায়গাতেই ভালো খেলে সহজ জয় তুলে নেওয়ায় দারুণ খুশি বার্সেলোনার কোচ লু্ইস এনরিকে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 04:55 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডে বেলারুশের দল বরিসভকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা।

বার্সেলোনার এই জয়ে মূল ভূমিকায় ছিলেন নেইমার। দুটি গোল করা ছাড়াও লু্ইস সুয়ারেসের অন্য গোলটিতে অবদান রাখেন ব্রাজিলের এই তারকা।

ইদানিং নেইমারের প্রশংসায় পঞ্চমুখ এনরিকে অবশ্য এদিন আর ব্রাজিলের এই তারকার কথা আলাদা করে উল্লেখ করেননি। পুরো দলের খেলায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

“যা দেখলাম তাতে আমি খুশি। … ফল আমাদের পক্ষে এসেছে এবং আমরা ভালো খেলছি।”

মৌসুমের শুরু থেকেই রক্ষণ নিয়ে কিছুটা দু:শ্চিন্তায় ছিলেন এনরিকে। তবে শেষ দুই ম্যাচে কোনো গোল না খাওয়ায় সমস্যা কাটিয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে বুধবার রাতে বরিসভের বিপক্ষে আক্রমণভাগের মতো রক্ষণেও দারুণ খেলে তারা।

জমাট রক্ষণের প্রসঙ্গে এনরিকে বলেন, “দলগতভাবে রক্ষণ করাটা কার্যকর। এই ফলগুলো পুরো দলের মতো আমাদের রক্ষণকে আরও শক্তিশালী করবে।”

এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া বার্সেলোনার ‘ই’ গ্রুপ থেকে নক আউট পর্বে ওঠা প্রায় নিশ্চিত হয়ে গেল।