২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তানে জয়ের স্বপ্ন কোচের

দল ও প্রস্তুতি নিয়ে খুশি বাংলাদেশের কোচ ফাবিও লোপেজ জয়ের স্বপ্ন দেখছেন। তবে বিশ্বকাপ বাছাইয়ে তাজিকিস্তানের ম্যাচ সামনে রেখে দেশটির ঠাণ্ডা আবহাওয়া নিয়ে কিছুটা দুর্ভাবনার কথাও জানিয়েছেন এই ইতালিয়ান কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 04:54 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ম্যাচে আগামী বৃহস্পতিবার স্বাগতিক তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ খেলতে আগামী শুক্রবার বেলা ১১টায় তাজিকিস্তানের পথে রওনা দেবে লোপেজের দল।

বাছাইয়ে বাংলাদেশের পাওয়া একমাত্র পয়েন্ট তাজিকিস্তানের বিপক্ষে পাওয়া। দেশের মাটির সেই সাফল্য স্বাভাবিকভাবে ফিরতি লেগের লড়াইয়ে অনুপ্রেরণা জোগাচ্ছে দলকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার কোচও জানালেন জয়ের লক্ষ্য ঠিক করার কথা।

“আমরা তো জয়ের লক্ষ্য নিয়েই যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা প্রতিপক্ষের মাঠে খেলব।”

“অবশ্য প্রতিপক্ষের মাঠে খেলা বলেই স্থানীয় সমর্থকদের সামনে খেলার চাপটা আমাদের ওপর থাকবে না”, যোগ করেন তিনি।

তাজিকিস্তানে গিয়ে টার্ফে খেলতে হবে। এ কারণে গত ২৮ অক্টোবর থেকে বাফুফের টার্ফে মামুনুল-নাসিরদের অনুশীলন করিয়েছেন কোচ। প্রস্তুতি নিয়েও খুশি তিনি।

লোপেজের আক্রমণভাগে নেই দুই নির্ভরযোগ্য ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেন। তাজিকিস্তানের বিপক্ষে ড্র ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন এমিলি। জন্ডিসের কারণে ছিটকে গেছেন উঠতি ফরোয়ার্ড জুয়েল রানাও।

চোট কাটিয়ে নাসিরউদ্দিন চৌধুরী ফিরলেও তপু বর্মন নেই বর্তমান দলের রক্ষণভাগে। মিডফিল্ডার মোনায়েম খান রাজুও নেই। তপু ও রাজু অবশ্য অন্য কারণে দলের বাইরে। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পাওয়া এই দুজনকে ১৭ নভেম্বর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচের কথা ভেবে বাদ দিয়েছেন লোপেজ।

চোট কেড়ে নিয়েছে আতিকুর রহমান মিশুকেও। তবে কোচ কারো অনুপস্থিতি নিয়ে ভাবতে চাইছেন না। জীবন-তকলিসদের ওপরই আস্থা রাখছেন কোচ।

“দলের শক্তি আগের মতোই আছে; একটু কমেনি। নতুন যারা এসেছে, তারাও ভালো।”

দল ও প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি থাকলেও লোপেজকে ভাবাচ্ছে তাজিকিস্তানের ঠাণ্ডা আবহাওয়া। প্রতিকূল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাই ছয় দিন আগেই রওনা দিচ্ছেন তিনি। কোচের আশা, ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নেবে তার শিষ্যরা।

“ওখানকার আবহাওয়া ঠাণ্ডা হবে। তাই আমরা একটু আগেই সেখানে যাচ্ছি। ওখানকার আবহাওয়ার সঙ্গে যতটা মানিয়ে নেওয়া যাবে, আমাদের জন্য ততটাই ভালো হবে। আশা করি ছেলেরা মানিয়ে নিতে পারবে।”

দল নিয়ে আশাবাদী লোপেজ প্রতিপক্ষকে সমীহ করার কথা জানাতে ভোলেননি। বাংলাদেশের মতো বাছাইপর্বে এখন পর্যন্ত জয় পাইনি তাজিকিস্তানও। তবে বাংলদেশ ও কিরগিজস্তানের মাঠ থেকে ড্র নিয়ে ফেরা দলটি যে ‘বি’ গ্রুপে চতুর্থ স্থান নিশ্চিত করতে মরিয়া থাকবে, তা শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন কোচ।

“তারাও ভালো, শক্তিশালী দল এবং নিজেদের মাঠে খেলবে। অবশ্যই তারা চাইবে জয় তুলে নিয়ে চতুর্থ স্থান পাওয়া নিশ্চিত করতে। কাজটা তাই আমাদের জন্য মোটেও সহজ হবে না।”

বাছাইয়ে ১৩ পয়েন্ট নিয়ে বি গ্রুপে শীর্ষে রয়েছে জর্ডান। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া। কিরগিজস্তান (৮ পয়েন্ট) তৃতীয় আর তাজিকিস্তান (২) চতুর্থ স্থানে আছে। এক পয়েন্ট পাওয়া বাংলাদেশ পাঁচ দলের মধ্যে পঞ্চম।