২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসির অনুপস্থিতিতে পার্থক্য গড়ছে নেইমার’

চোটের কারণে লিওনেল মেসির মাঠের বাইরে থাকলেও বার্সেলোনার প্রতিপক্ষরা তাদের সঙ্গে কুলিয়ে উঠছে না। এর কৃতিত্ব নেইমারকে দিয়েছেন টমাস ভারমালেন। ক্লাবটির বেলজিয়ান ডিফেন্ডার মনে করেন, মেসির অনুপস্থিতিতে অন্যদের সঙ্গে কাতালুনিয়ার দলটির পার্থক্য গড়ে দিচ্ছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 12:52 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ১২টি ম্যাচ খেলে ৯টি গোল করেন ২৩ বছর বয়সী নেইমার। ব্রাজিলের অধিনায়ক এই নয় গোলের ছয়টিই করেন হাঁটুর চোটে মেসি ছিটকে পড়ার পর। 
 
গত সেপ্টেম্বরে স্পেনের লা লিগায় লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পান মেসি। এর পর থেকে মাঠের বাইরে আছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। 
 
বার্সেলোনা অবশ্যই মেসির অভাব বোধ করছে বলে জানান ভারমালেন। তবে আর্জেন্টিনা অধিনায়কের শূন্যতা পূরণ করতে নেইমার যেভাবে খেলছেন, তাতে মুগ্ধ তিনি।     
   

“আমি মনে করি, নেইমার এ মৌসুমে খুব ভালো খেলছে। প্রচুর গোল করছে।” “অবশ্যই গত কয়েকটি ম্যাচে আমরা লিওর অভাব বোধ করেছি। …কিন্তু আমাদের অন্য খেলোয়াড় আছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে। মানসম্পন্ন অনেক খেলোয়াড় আছে। আমাদের স্কোয়াডের গভীরতা আছে এবং নেইমার এদের একজন। সে এগিয়ে এসেছে”, যোগ করেন ভারমালেন। গত কয়েকটি ম্যাচে নেইমার অসাধারণ ফুটবল খেলেন। আর এটা বার্সেলোনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল বলে জানান ভারমালেন।  বাতে বরিসভের বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও নেইমারের ভালো খেলার অপেক্ষায় আছে বার্সেলোনা। বেলারুশের ক্লাবটির বিপক্ষে তাদের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল লুইস এনরিকের দল। ইভান রাকিতিচের করা গোল দুটিতে সহায়তা করেছিলেন নেইমার।