২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনিতে মস্কো বাধা পেরুলো ম্যান ইউ

দুই দশকেরও বেশি সময় পর টানা চার ম্যাচে গোল করতে না পারার লজ্জায় পড়তে যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি, সিএসকেএ মস্কোর বিপক্ষে শেষ দিকের গোলে জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে লুই ফন খালের দল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 04:40 AM

Updated : 12 Oct 2022, 04:22 PM

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইউনাইটেড। এই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা। 
 
প্রথম রাউন্ডে পিএসভি আইন্দহোভেনের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা ইউনাইটেড দ্বিতীয় রাউন্ডে ভলফসবুর্গকে একই ব্যবধানে হারিয়েছিল। 
 
আর তৃতীয় রাউন্ডে সিএসকেএ মস্কোর মাঠে পয়েন্ট হারিয়েছিল ইউনাইটেড, ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। 
 

গত কয়েক ম্যাচের মতো মঙ্গলবার রাতেও প্রতিপক্ষের গোলমুখে ভুগতে দেখা গেছে ইউনাইটেডের আক্রমণভাগকে। অধিকাংশ সময় তারা বলের দখল রাখার পাশাপাশি অতিথিদের রক্ষণে চাপও ধরে রাখে। কিন্তু প্রতিবারই মোক্ষম সময়ে তাল হারিয়ে ফেলছিল দলটি। বেশিরভাগ সময় নিজেদের ভুলেই একের পর এক সুযোগগুলো নষ্ট করছিলেন ওয়েইন রুনি, হুয়ান মাতারা। ইউনাইটেডের গোল না পাওয়ার পিছনে মস্কোর জমাট রক্ষণও প্রশংসার দাবিদার। ৭৯তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইউনাইটেড। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ইংলিশ মিডফিল্ডার জেসে লিঙ্গার্ডের ভলি করে দেওয়া ক্রসে বল ফাঁকায় পেয়ে যান রুনি। ডি বক্সের মধ্যে থেকে হেডে গোলরক্ষককে পরাস্ত করতে এবার আর কোনো ভুল হয়নি তারকা এই স্ট্রাইকারের। এই গোলে ১৯৯২ সালের পর আবারও টানা চার ম্যাচে গোলশূন্য থাকার লজ্জায় পড়তে হলো না ম্যানচেস্টার ইউনাইটেডকে। পাশাপাশি এই গোলেই স্বস্তি আর আনন্দের মিশেলে ওল্ড ট্র্যাফোর্ডের হাজার-হাজার দর্শক উৎসবে মেতে ওঠে। এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে তারা।     শীর্ষে ওঠা ইউনাইটেডের পয়েন্ট ৪ ম্যাচে ৭। সবার নিচে নেমে যাওয়া মস্কোর পয়েন্ট ৪। গ্রুপের অন্য ম্যাচে ভলফসবুর্গকে ২-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডসের দল পিএসভি। জার্মানির ক্লাব ভলফসবুর্গের পয়েন্ট সমান ৬।