নকআউট পর্বে রিয়াল
প্রথম লেগে না পারলেও ফিরতি লেগে আর হতাশ হতে হয়নি রিয়াল মাদ্রিদকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডে পিএসজিকে হারিয়ে গ্রুপের শীর্ষে ওঠার পাশাপাশি নকআউট পর্বও নিশ্চিত করেছে প্রতিযোগিতাটির সর্বোচ্চ দশবারের চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে রিয়ালের জয়টি ১-০ গোলে। গত মাসে প্রথম লেগে পিএসজির মাঠে ড্র করেছিল রাফায়েল বেনিতেসের দল।
আক্রমণভাগের দুই তারকা করিম বেনজেমা ও গ্যারেথ বেলের অনুপস্থিতিতে প্রথমার্ধে রিয়ালের চেনা আগ্রাসী রূপ দেখা যায়নি। অন্যদিকে, জ্লাতান ইব্রাহিমোভিচ-এদিনসন কাভানি জুটি রিয়ালের রক্ষণকে শুরু থেকে চাপে রাখে। তৃতীয় মিনিটে কাভানি বক্সের মধ্যে বল পায়ে দ্রুত ঢুকে পড়লেও শেষ পর্যন্ত তালগোল পাকিয়ে সুযোগ নষ্ট করেন।
একাদশ মিনিটে সের্হিও রামোসের ক্রসে হেড করতে গিয়ে রিয়ালের ইসকো আর পিএসজির সের্গে অরিয়েরের সংঘর্ষ হয়। মাথা কেটে রক্ত ঝরলেও খেলা চালিয়ে যান রিয়াল ফরোয়ার্ড।
পঞ্চদশ মিনিটে বক্সের সামনে চিয়াগো সিলভার কাছ থেকে বল কেড়ে নিলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন প্রথমার্ধের বাকিটা সময়েও অনুজ্জ্বল থাকা ক্রিস্তিয়ানো রোনালদো।
২১তম মিনিটে আনহেল দি মারিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে অরিয়ের ব্যাক পাস করলে তা পেয়ে যান ব্লাসি মাতুইদি, কিন্তু তার শট সরাসরি জমে যায় রিয়াল গোলরক্ষকের গ্লাভসে। এর একটু পর জ্লাতান ইব্রাহিমোভিচের ডান পায়ের শট দুরের পোস্ট ঘেষে বেরিয়ে গেলে পিএসজির হতাশা বাড়ে।
বিস্ময়কর এক গোলে ৩৫তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক রিয়াল। বক্সের বেশ খানিকটা ওপর থেকে টনি ক্রুসের জোরালো শট পিএসজির এক খেলোয়াড়ের শরীরে লাগলে বাম দিকে থাকা নাচো বল পেয়ে যান। দুই মিনিট আগে মার্সেলোর বদলি নামা স্পেনের এই ডিফেন্ডারের ভলি এগিয়ে আসা পিএসজি গোলরক্ষক কেভিন ট্র্যাপকে বোকা বানিয়ে অনেকটা বাঁক খেয়ে জালে জড়ায়।
সমতায় ফিরতে মরিয়া পিএসজি একাধিক সুযোগ নষ্ট করেই বিরতিতে যায়। ফ্রান্সের আদ্রিয়েঁ রাবিয়োটের ব্যর্থতার পর ম্যাক্সওয়েলের ক্রসে ইব্রাহিমোভিচ-কাভানিদের কেউই শেষ টোকাটা দিতে পারেননি। যোগ করা সময়ে ওয়ান টু ওয়ান পজিশনে নাভাসের মাথার ওপর দিয়ে কাভানির লক্ষ্যভেদের চেষ্টাও সফল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে সতীর্থের বাড়ানো লম্বা বল ধরে দি মারিয়ার শট সোজা রিয়াল গোলরক্ষক নাভাসকে খুঁজে পেলে অতিথিদের আরেকটি সুযোগ নষ্ট হয়। চোট কাটিয়ে ফেরা হামেস রদ্রিগেস বদলি তালিকায় থাকলেও তাকে খেলাননি বেনিতেস।
৭৪তম মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া হয়। লুকাস ভাসকেসের ক্রসে ইসকোর নেওয়া শট কর্নারের বিনিময়ে ফেরান পিএসজি গোলরক্ষক।
শেষ দিকে পিএসজির সমতায় ফেরার স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। ৮৯তম মিনিটে দি মারিয়ার ফ্রি কিক ওপরের পোস্টে লেগে ফিরলে পিএসজির শেষ আশাটাও হতাশায় রূপ নেয়। সেই সঙ্গে দি মারিয়ার পুরনো ক্লাবের মাঠে প্রথমবারের মতো ফেরাটা রাঙানোর স্বপ্নও ধাক্কা খায়।
‘এ’ গ্রুপের অপর খেলায় মালমোকে ৪-০ ব্যবধানে হারিয়ে গ্রুপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে শাখতার দোনেৎস্ক।
১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় পিএসজি। শাখতার, মালমো দুই দলের পয়েন্ট তিন করে হলেও গোল পার্থক্যে তৃতীয় শাখতার, চতুর্থ মালমো।
