পটুয়াখালীকে উড়িয়ে দিল খুলনা
জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে পটুয়াখালীকে উড়িয়ে দিয়েছে খুলনা।
খুলনার জয়ে সর্বোচ্চ চার গোল করেন মুক্তা।
মঙ্গলবার যশোরের পুলিশ লাইন মাঠে পটুয়াখালী জেলা দলকে ১০-০ গোলে হারায় খুলনা। নবম, ২৩তম, ৩৯তম মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মুক্তা। ৫৫তম মিনিটে ব্যক্তিগত চতুর্থ গোলটি করেন তিনি।
বড় জয় পেয়েছে কুষ্টিয়ার মেয়েরাও। মেহেরপুর জেলা ফুটবল স্টেডিয়ামে তারা ৭-২ গোলে ঝিনাইদহকে হারায়। জয়ী দলের দিপা ৫৫তম, ৭০তম ও ৭৬তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।
দিনের অপর খেলায় জামালপুর ২-০ গোলে শেরপুরকে, ফেনী ১-০ গোলে কুমিল্লাকে, গাইবান্ধা ১-০ গোলে কুড়িগ্রামকে এবং রাজবাড়ি ২-০ গোলে শরীয়তপুরকে হারায়।
