'মেসি-রোনালদোকে ছাড়িয়ে যাবেন নেইমার'
বার্সেলোনার তারকা নেইমার ক্লাব সতীর্থ লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে বিশ্বসেরা হবেন বলে বিশ্বাস করেন ব্রাজিলের সাবেক ফুটবলার রবের্তো কার্লোস।
কার্লোসের মতে, বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার আগামী দুই-তিন বছরের মধ্যেই বিশ্বসেরা হয়ে উঠবেন।
আর্জেন্টাইন তারকা মেসি ও পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোকে বর্তমানের সেরা দুই ফুটবলার মনে করা হয়। গত সাত বছরের বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারের দৌড়ে তাদেরকে কেউই হারাতে পারেনি।
২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ফিফা বর্ষসেরা হন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। আর ২০০৮ সালে প্রথম বর্ষসেরা হওয়ার পর গত দুই বছর পুরস্কারটি জেতেন রোনালদো।
১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়ালের হয়ে তিনবার চ্যাম্পিয়ন লিগ ও চারবার লিগসহ মোট ১৩টি শিরোপা জেতা কার্লোসের বিশ্বাস, ফিফা ব্যালন ডি'অর জয়ে মেসি-রোনালদোর আধিপত্যে শীঘ্রই অবসান হতে যাচ্ছে। আগামী কয়েক মৌসুমের মধ্যেই এটা জিতবেন নেইমার।
স্পেনের একটি রেডিওকে কার্লোস বলেন, "নেইমার অসাধারণ এক খেলোয়াড় এবং এক বন্ধু, যাকে আমি বড় হতে দেখেছি। আশা করি, মাদ্রিদের মানুষ আমার প্রতি ক্ষুব্ধ হবে না। দুই-তিন বছরের মধ্যে নেইমার বিশ্বের সেরা খেলোয়াড় হবে।"
এই মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন নেইমার, এ পর্যন্ত লা লিগায় সর্বোচ্চ ৯টি গোল করেছেন তিনি। মেসির অনুপস্থিতিতে বার্সেলোনাকে জয়ের পথে রাখতে প্রতি ম্যাচেই গোল করছেন কিংবা করাচ্ছেন।
