বিশ্বকাপ বাছাইয়ে তাজিকিস্তান ম্যাচের বাংলাদেশ দল চূড়ান্ত
তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ।
তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ২৩ জনের দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ কোচ ফাবিও লোপেজ। ইতালিয়ান এই কোচের দলে নেই নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মন ও ফরোয়ার্ড জুয়েল রানা।
পারফরম্যান্স ও চোটের কারণে প্রাথমিক দল থেকে ছয় জনকে বাদ দেওয়ার কথা মঙ্গলবার জানান লোপেজ।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ম্যাচ খেলতে আগামী শুক্রবার তাজিকিস্তানের পথে রওনা দেবে বাংলাদেশ দল। ১২ নভেম্বর মাঠের লড়াইয়ে নামবেন মামুনুলরা।
গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল বাদ পড়েছেন; টিকে গেছেন আশরাফুল ইসলাম রানা। রানাকে বেছে নেওয়ার ব্যাখ্যায় লোপেজ বলেন, “এই দুইজনের মধ্যে আমি রানাকেই এবার নিয়েছি। দুজনই একই মানের; এ কারণে ঘুরিয়ে ফিরিয়ে তাদের সুযোগ দেওয়ার পক্ষে আমি।”
নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মন ও মিডফিল্ডার মোনায়েম খান রাজুর বাদ পড়ার কারণ কিরগিজস্তানের বিপক্ষে আগের ম্যাচে তাদের হলুদ কার্ড পাওয়া। ১৭ নভেম্বর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে এ দুজনকে পাওয়ার জন্যই তাদের তাজিকিস্তানে নিয়ে যাচ্ছেন না লোপেজ।
প্রাথমিক দলের নতুন মুখ নুরুল নাইম ফয়সাল শেষ পর্যন্ত কোচের আস্থা শতভাগ অর্জন করতে পারেননি। মোহামেডানের এই লেফট ব্যাকের চেয়ে হাতে ভালো ‘অপশন’ থাকার কথা জানিয়েছেন কোচ।
তাজিকিস্তান ম্যাচের দলে ফিরেছেন নাসিরউদ্দিন চৌধুরী, সোহেল রানা ও ইয়াসিন খান। নাসিরউদ্দিন ও সোহেল চোটকে পেছনে ফেলেছেন আর টন্সিল সেরে উঠেছে ইয়াসিনের।
বাছাই পর্বের ‘বি’ গ্রুপে এ পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে বাংলাদেশ। একমাত্র তাজিকিস্তানের সঙ্গেই ড্র করে মামুনুলরা। গত জুনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেই ম্যাচটি থেকে অনুপ্রেরণা নিয়েই তাজিকিস্তান যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ দল:
গোলরক্ষক: রাসেল মাহমুদ লিটন, শহীদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা।
ডিফেন্ডার: নাসিরউদ্দিন চৌধুরী, নাসিরুল ইসলাম নাসির, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, কেষ্ট কুমার বোস, ওয়ালী ফয়সাল, রায়হান হাসান।
মিডফিল্ডার: মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ফয়সাল মাহমুদ, আবুল বাতেন মজুমদার কমল, ইমন মাহমুদ, শাহেদুল আলম শাহেদ, মাশুক মিয়া জনি।
ফরোয়ার্ড: নাবিব নেওয়াজ জীবন, তকলিস আহমেদ, আমিনুর রহমান সজীব, শাখাওয়াত হোসেন রনি।
